গত কয়েকমাস যাবত এলপিজি সিলিন্ডার (LPG cylinder crisis) সরবরাহ নিয়ে রীতিমত নাজেহাল হয়েছে সাধারণ মানুষ। গেরস্থ বাড়ি ছাড়াও এই সমস্যা থেকে ছাড় পায়নি হোটেল-রেঁস্তরাগুলিও। তার প্রধান কারণই ছিল ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধের ফলে এতদিন বন্ধ ছিল হরমুজ প্রণালী। যে প্রণালী দিয়ে বিশ্বের বেশিরভাগ দেশেই এলপিজি সরবরাহ হত। এই সংকট শুধু ভারত নয়, গোটাই বিশ্বেই পড়েছে। অবশেষে কাটতে চলেছে সেই সংকট।
হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পেট্রোলিয়াম মন্ত্রক (MoPNG) জানিয়েছে, দেশে এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে সাধারণ গ্রাহক বা বাণিজ্যিক ব্যবহারকারীদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ওয়াশিংটন-তেহরান যুদ্ধবিরতি কার্যকরের পরে হরমুজ প্রণালী (Strait of Harmuz) দিয়ে তেল এবং গ্যাসবাহী জাহাজ চলাচল ক্রমশ স্বাভাবিক হচ্ছে। সেই কারণে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, বাণিজ্যিক ও নন-ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডারের সরবরাহ স্বাভাবিক চাহিদার ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার অনুমতি দেওয়া হয়েছে।তবে সেই সঙ্গেই জানানো হয়েছে যে, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের সব তথ্য, তেল বিপণন সংস্থাগুলি সংগ্রহ ও সংরক্ষণ করবে। পেট্রোলিয়াম সচিব নীরজ মিত্তল (Neeraj Mittal) বৃহস্পতিবার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সরকারি নির্দেশিকা পাঠিয়ে নতুন ব্যবস্থা অবিলম্বে কার্যকর করার জন্য। কেন্দ্রের এই সিদ্ধান্তে গত মার্চ মাস থেকে চলতে থাকা জ্বালানির ঘাটতি ও বাড়তি খরচে সমস্যায় থাকা হোটেল-রেঁস্তরা থেকে শুরু করে শিল্প-বাণিজ্যিক ক্ষেত্রগুলিও যে বড় স্বস্তি পাবে সে কথা বলাই বাহুল্য। এখন দেখার, বাণিজ্যিক এলপিজির পর ডোমেস্টিক সিলিন্ডারের ক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে কোনও সুখবর আসে কিনা, আপাতত সেদিকেই তাকিয়ে আছে দেশের সাধারণ মানুষ।







