সৌভিক মহন্ত
“দেখো আয়া আয়া মেসি আয়া” – এই গানেই লিওনেল মেসির(Lionel Messi) সামনে মঞ্চ মাতাতে চলেছেন অনীক ধর। মেসির শহরে আগমনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। সেখানেই যুবভারতী স্টেডিয়ামে মেসিকে(Lionel Messi) গান গেয়ে স্বাগত জানাবেন অনীক ধর(Aneek Dhar)। সেখানেই তাঁর গলায় শোনাযাবে বন্দেমাতরমের(VandeMaataram) সুর। মেসির সঙ্গে দেখা শুধু নয়, তাঁর সামনে গান। অনীকের(Aneek Dhar) কাছে এটা যেন এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে। অনুষ্ঠানের সময় পেয়েছেন পাঁচ মিনিট। সেখানে নিজের বানানো মেসি অ্যান্থেম যেমন গাইবেন, তেমনই গাইবেন বন্দেমাতরমও। মেসিকে সামনে পেয়ে কী বলবেন, সেটা যেন ভেবেই পাচ্ছেন না এই গায়ক। তবে হ্যাঁ, মেসির(Lionel Messi) জন্য কিন্তু স্প্যানিশ শেখার চেষ্টা করছেন তিনি। শতদ্রু দত্ত তাঁকে এই সুযোগ করে দেওয়ায় আপ্লুত অনিক। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকার সামনে যেদিন থেকে শুনেছেন গান গাইবেন, উচ্ছ্বাসের মাত্রা বেড়েছে। এখন শুধুই মেসিকে দেখার অপেক্ষায় তিনি।
যে লিও মেসির(Lionel Messi) নানান স্কীল থেকে বিশ্বকাপ জয় এতদিন সকলে টেলিভিশনের পর্দায় দেখেছেন, সেই মেসির সামনে এক মঞ্চে থাকতে পারাটাই যেন উচ্ছ্বসিত করছে অনীককে(Aneek Dhar)। এ যেন সত্যিই এক ফ্যানবয় মোমেন্ট। যাঁকে দেখে ফুটবলের প্রতি ভালোবাসা, সেই মেসি যে এবার সামনে আসছেন। অপেক্ষার প্রহর গুনছেন বাংলার এই গায়ক।
অনীকের(Aneek Dhar) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “এটা আমার কাছে লাইফটাইম অ্যাচিভমেন্ট। আমি কী বলব সত্যিই ভাষা খুঁজে পাচ্ছি না। এমন একজন কিংবদন্তী, যিনি ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যাকে দেখে ফুটবলকে ভালোবাসি। আমাদের কাছে তিনি তো অনুপ্রেরণা। সেই মেসি আসছেন কলকাতায়, সেটা আমাদের কাছে একটা বিশাল পাওয়া। শতদ্রু দা এমন একটা উদ্যোগ নিয়েছেন সেই জন্য আমার বুকভরা ভালোবাসা জানাতে চাই। আমি এমন একটা অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত গাইছি যেখানে মঞ্চে থাকবেন লিওনেল মেসি, কিং খান, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বপ্ন যেন সত্যি হচ্ছে”।
অনীক আরও বলেন, “আমি মেসির জন্য একটা গান তৈরি করেছি। মেসি আয়া-রে এই গানটা গাইব। একইসঙ্গে মেসির সামনে আমার দেশ, শহরের জন্য বন্দেমাতরমও গাইব। আমি এখন ভাবছি কখন সেই মুহূর্তটা আসবে, আমি তাঁর সামনে গিয়ে পারফর্ম করব”।
ফুটবলের ভগবানকে সামনে পাওয়া। সেই মুহূর্তে মেসিকে(Lionel Messi) কী বলবেন সেটাই যেন ভেবে পাচ্ছেন না অনীক ধর। তিনি তো বলেই দিলেন, “জানি না আমি কী বলব। আমি তো বোধহয় পাগল হয়ে যাব”।
মেসির সঙ্গে কোন ভাষায় কথা বলবেন অনীক। সেই ইঙ্গিতও কিন্তু খানিকটা দিয়েই রাখলেন তিনি। তিনি বলেন, “স্প্যানিশে হাই হ্যালো বলতে পারি। তবে ভালো বলেছেন, দেখি কিছু যদি স্প্যানিশ শিখে যাওয়া যায়”।
শনিবার সকালেই যুবভারতীতে ফের একবার পা দিতে চলেছেন এলএম টেন। শহর জুড়ে উত্তাপের পারদ যে এখন তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না।







