আইএসএলের(ISL) দিন তো ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু সূচী প্রকাশ হবে কবে? আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ সূচীই প্রকাশ করতে পারেনি ফেডারেশন। এবার মোহনবাগানের(MBSG) তরফ থেকে সূচী জানতে চেয়ে ফেডারেশনের(AIFF) কাছে চিঠি দেওয়া হল। যত দ্রুত সম্ভব সূচী যাতে ঘোষণা করা হয় সেটাই এবার জানতে চাওয়া হয়েছে। যদিও শোনাযাচ্ছে সবকিছু ঠিকঠাক চললে আগামী সোমবার নাকি সূচী ঘোষণা করলেও করতে পারে ভারতীয় ফুটবল ফেডারেশন।
অন্যদিকে যে খসড়া সূচী ঘোষণা করা হয়েছিল সেখানে আবার মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স ম্য়াচ দিয়েই আইএসএল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শনিবার থেকেই ফের নাটকীয় মোড়। হঠাৎই নাকি ফেডারেশনকে কেরালার তরফে জানানো হয়েছে যে তারা নাকি ১৪ তারিখের ম্যাচ খেলার জন্য প্রস্তুত নয়। সেই কারণেই ম্যাচ ২১ ফেব্রুয়ারি পিছনোর দাবী জানানো হয়েছে। তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে নতুন গুঞ্জন।
তবে কী মোহনবাগান তাদের প্রথম ম্যাচ খেলবে ২১ ফেব্রুয়ারি! তবে সবুজ-মেরুন শিবির কিন্তু তাতে একেবারেই রাজি নয়। শোনাযাচ্ছে ইতিমধ্যেই ফেডারেশনের সঙ্গে তারা কথাবার্তা শুরুও করে দিয়েছে। মোহনবাগান নাকি জানিয়ে দিয়েছে যে তারা ১৪ ফেব্রুয়ারিই ম্যাচ খেলবে। এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে। শেষপর্যন্ত সূচী কী হয় সেটাই এখন দেখার অপেক্ষায় সকলে।







