সৌভিক মহন্ত
অবশেষে অপেক্ষার অবসান। ইউসুফ এজ্জেজারির(Yusuf Ezejjari) সঙ্গে সইপর্ব সেরে ফেলল ইস্টবেঙ্গল(Eastbengal)। কয়েকদিন আগেই তাঁর প্রাক্তন ক্লাবে খেলার খবর সামনে আসতেই শুরু হয়েছিল জোর জল্পনা। প্রশ্ন উঠতে শুরু করেছিল ইউসুফ কী আদৌ আসছেন। সেই জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবারই ইস্টবেঙ্গলের চুক্তিতে সই করলেন এই স্প্যানিশ স্ট্রাইকার। সেইসঙ্গেই তাঁর ভিসার কাজও শুরু হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহেই হয়ত শহরে চলে আসবেন ইউসুফ। আপাতত তাঁর সঙ্গে শুধুমাত্র এই মরসুমের জন্যই চুক্তি করেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। তিনি মাঠে নেমে কেমন খেলেন সেটাই দেখার।
ইউসুফ কবে আসছেন তা এখনও জানা না গেলেও শুক্রবারই শহরে চলে আসছেন ইস্টবেঙ্গলের নতুন উইঙ্গার জেরি(Jery)। তবে সেদিন থেকেই তাঁর প্রস্তুতিতে নামার সম্ভাবনা নেই বললেই চলে। জেরির(Jerry) সঙ্গে কথাবার্তা আগেই পাকা হয়ে গিয়েছিল। কিন্তু তিনি কবে আসছেন সেই নিয়েই চলছিল নানান গুঞ্জন। শোনাযাচ্ছে শুক্রবারই কলকাতায় পৌঁছচ্ছেন এই তরুণ তারকা উইঙ্গার। এখনও পর্যন্ত অবশ্য তাঁর শুক্রবারের প্রস্তুতিতে যোগ দেওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে কোচ যদি ডেকে নেন, তবে সরাসরি এসে প্রস্তুতিতে যোগ দিতেও পারেন জেরি।






