হিরোশি যাওয়ার এক সপ্তাহের মধ্যেই নতুন স্প্যানিশ কোচ ঠিক করে ফেলেছে ইস্টবেঙ্গল(Eastbengal)। কোচ অস্কার ব্রুজোঁই খুঁজে বের করেছেন তাঁকে। কথাবার্তা পাকা। ঘোষণাটা এখন শুধুই সময়ের অপেক্ষা। কিন্তু কেমন হবেন এই স্প্যানিশ স্ট্রাইকার ইউসুফ এজেজ্জারি(Yusuf Ezejjari)। তাঁর প্রোফাইলের দিকে নজর রাখলে তা কিন্তু বেশ নজরকাড়া। তিনি যেখানেই খেলেছেন গোল পেয়েছেন। তবে ইস্টবেঙ্গলে এসে তিনি সেই সাফল্যের ধারা ধরে রাখতে পারবেন কিনা সেটা তো সময়ই বলবে।
ইন্দোনেশিয়ার পেরসিক কেদিরির হয়ে ৩২ ম্যাচে ১৮ গোল করেছিলেন এই স্প্যানিশ ফুটবলার। সেইসঙ্গে লিগের অন্যতম সেরা ফরোয়ার্ডও হয়ে গিয়েছিলেন। সেখান থেকে যে ক্লাবেই গিয়েছেন নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন। যেমন কম্বোডিয়ার ভিসাকা এফসির হয়ে ১১ ম্যাচে ১০ গোল। তেমনই সিঙ্গাপুর প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচে চার গোল। আবার তানজম পাগার ইউনাইটেডের হয়ে ছয় ম্যাচে পাঁচ গোল।
তাঁর প্রোফাইল দেখে সকলেই বেশ উচ্ছ্বসিত। কিন্তু যে ক্লাব থেকেই তিনি এসেছেন, সেখানে ইউসুফের পারফরম্যান্স উল্লেখযোগ্য হলেও, দলের পারফরম্যান্স কিন্তু খুবই খারাপ। যেখান থেকে তিনি এসেছেন, সেই ক্লাব তো এখন প্রায় অবনমনের আওতায়। যদিও ইস্টবেঙ্গল অবশ্য ইউসুফ এজেজ্জারিকে নিয়ে আশাবাদী।







