লক্ষ্য মানুষের আরও কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া, সোমবার ২১শের সভা থেকে হাজার কেন্দ্রীয় বঞ্চনার মধ্যেও ঠিক কীভাবে তার সরকার সাধারণ মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিচ্ছে তার পরিসংখ্যান তুলে ধরেছিলেন। আর মঙ্গলে আরও একটি নতুন প্রকল্প ঘোষণা করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মঙ্গলবার নবান্নে বসে ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে তাঁর সরকারকে আরও বেশি সাধারণের কাছে পৌঁছে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সরকারি প্রকল্প ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘দুয়ারে সরকার’-এর পর এই প্রকল্পের নাম–’আমার পাড়া, আমার সমাধান’। মূল লক্ষ্য সরকারি পরিষেবাকে আরও তৃণমূল ও প্রান্তিক স্তরে পৌঁছে দেওয়া। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই প্রকল্পের পূর্ণাঙ্গ তথ্য দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রীর বলেন, ”ছোট ছোট কাজের জন্য আমাদের নতুন প্রকল্প– আমাদের পাড়া, আমাদের সমাধান। মানুষের এই প্রকল্প নিয়ে সরকার এবার পথে নামছে। এটা ছোট্ট প্রোগ্রাম। কিন্তু পরে বিস্তৃত হবে। সারা দেশে এধরনের উদ্যোগ এই প্রথম। মানুষ নিজেদের বুথ, নিজেদের গ্রামের সমস্যার সমাধান পাবে।” কীভাবে এই ‘আমার পাড়া, আমার সমাধান’ প্রকল্প কাজ করবে? তাঁর ব্যাখ্যা দিয়ে মমতা বলেন, ”তিনটি করে বুথ নিয়ে একটা কেন্দ্র হবে। রাজ্যে মোট ৮০ হাজার বুথ আছে। প্রত্যেক কেন্দ্রে একদিন করে ক্যাম্প হবে। আগামী ২রা আগস্ট থেকে শুরু হবে ক্যাম্প। কাজটা শেষ করতে ২ মাস সময় লাগবে। ক্যাম্পগুলিতে সারাদিন থাকবেন সরকারি অফিসাররা। বুথে মানুষজন এসে গ্রামের সমস্যার কথা জানাবেন। তাঁদের সঙ্গে আলোচনা করে অফিসাররা ঠিক করবেন, কতটুকু কাজ করা যাবে। স্বচ্ছতা বজায় রেখে, অনলাইন পোর্টালে কাজ হবে।”
প্রকল্প বাস্তবায়নে অর্থ বরাদ্দের কথাও এদিন জানান মুখ্যমন্ত্রী। তার দাবি, প্রতি বুথের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ। সবমিলিয়ে ৮ হাজার কোটি টাকার বেশি খরচ হবে। তৈরি হবে রাজ্যস্তরে মু্খ্যসচিবের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স। জেলাস্তরেও থাকবে এই টাস্ক ফোর্স। দু মাস ধরে কাজ হবে। মাঝে শুধু পুজোয় ১৫ দিন ছুটি থাকবে।







