গত সপ্তাহেই প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভাঙচুরও চালায় একদল বিজেপি সমর্থক। এমনকী রাহুল গান্ধীর ছবিতে লেপে দেওয়া হয় কালি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ রাকেশ সিং ও তাঁর দলবলের বিরুদ্ধে এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে কংগ্রেস। ঘটনার তদন্তে নেমে পুলিশ এর আগে বিজেপির ৩ জন কর্মী ও রাকেশ সিংয়ের এক অনুগামীকে গ্রেফতার করে পুলিশ। এমনকী সোমবার সকালে গ্রেফতার করা হয় রাকেশ সিংয়ের ছেলে শিবম সিংকে। কিন্তু রাকেশের সন্ধান পাচ্ছিল না কলকাতা পুলিশ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও পোস্ট করতে দেখা যায় এই বিজেপি নেতাকে। সেই সূত্র ধরেই মঙ্গলবার গভীর রাতে ট্যাংরার একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রাত ২টা নাগাদ ট্যাংরার ওই ফ্ল্যাটে হানা দিয়ে রাকেশকে গ্রেফতার করা হয়েছে। একনকী পুলিশ তাঁকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময়ও তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে শ্লোগান তুলতে দেখা গেছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
বিজেপি নেতা রাকেশ সিং সোস্যাল মিডিয়াতে রীতিমত সক্রিয়। সম্প্রতি তাঁকে সোস্যাল মিডিয়ায় রাহুল গান্ধীকে আক্রমণ করে ভিডিও বানাতেও দেখা গেছে। কেননা গত সপ্তাহে বিহারে ভোটার অধিকার যাত্রা থেকে রাহুল গান্ধী নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মাকে নিয়ে বাজে মন্তব্য করেন। তারই পাল্টা প্রতিবাদে রাকেশ সিংয়ের নেতৃত্বে বিজেপি সমর্থকরা গত সপ্তাহে বিধান ভবনে প্রদেশ কংগ্রেসের সদর দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান। এমনকী সে সময় তাঁদের বিরুদ্ধে দলীয় দফতর ভাঙচুর এবং রাহুল গান্ধীর ছবিতে কালি দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিংকে অবশেষে গ্রেফতার করল পুলিশ।







