তৃতীয় প্র্যাকটিস ম্যাচেও দাপট বজায় রাখল মোহনবাগান সুপার জায়ান্টস(MBSG)। শনিবার প্রতিপক্ষকে ৮-০ গোলে উড়িয়ে আত্মবিশ্বাস আরও বাড়াল সবুজ-মেরুন শিবির(MBSG)। সাহল আবদুল সামাদ ও কামিন্স দু’টি করে গোল করেন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল মোহনবাগান। প্রথমার্ধের শুরুতেই জেমি ম্যাকলারেন গোল করে দলকে এগিয়ে দেন। এরপরেই পর পর দু’টি গোল করেন সাহল। সাহলের দ্বিতীয় গোলের নেপথ্যে ছিল রবসন এর নিখুঁত অ্যাসিস্ট। যদিও প্রথমার্ধে গোলের খাতা খুলতে পারেননি রবসন, একাধিক সুযোগ তৈরি করে প্রতিপক্ষ ইয়ং ইউনাইটেডের রক্ষণে বারবার চাপ বাড়ান তিনি। রবসনের শট বারে লেগে লিস্টনের পায়ে পড়লে সেখান থেকেই চতুর্থ গোল তুলে নেয় মোহনবাগান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন কামিন্স ও দিমিত্রিওস পেট্রাতোস। নেমেই দিমির অ্যাসিস্ট থেকে গোল করেন রবসন। তার কিছুক্ষণের মধ্যেই নিজেই বাঁকানো শটে গোল করে ব্যবধান বাড়ান দিমি। মানভীর সিংয়ের পাস থেকে কামিন্স গোল করেন সপ্তম গোলটি। ম্যাচের শেষ লগ্নে আরও এক বার জাল খুঁজে নিয়ে নিজের দ্বিতীয় ও দলের অষ্টম গোল নিশ্চিত করেন কামিন্স।
একের পর এক ম্যাচে জয় পেলেও পুরোপুরি সন্তুষ্ট নন মোহনবাগান কোচ সের্জিও লোবেরা(Sergio Lobera)। বরং আরও ম্যাচ খেলার প্রয়োজনীয়তার কথাই স্পষ্ট করে দিলেন তিনি।
তবে এদিন প্রস্তুতি ম্যাচে নামেননি অনুর্ধ থাপা ও আশিস রাই। তারা এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। এই প্রস্তুতি ম্যাচ দিয়ে দল গুছিয়ে নিলেও, তাদের নিয়ে একেবারেই ঝুঁকি নিতে চাননি লোবেরা।






