সিঙ্গুর থেকেই কী এবার নির্বাচনের ডাক দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)? কয়েকদিন আগেই সিঙ্গুরে সভা করে গিয়েছেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। কয়েকদিনের মধ্যেই সিঙ্গুরে সভা এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। শোনাযাচ্ছে সেখান থেকেই নাকি বাংলার বাড়ি প্রকল্পের কিস্তি প্রদানও শুরু করবেন মুখ্যমন্ত্রী। শিল্পের কোনও বার্তা দেন কিনা, সেই দিকেই নজর রয়েছে সবার। কোনও বড় ঘোষণা হতে পারে বলেও জল্পনা।
রবিবার সিঙ্গুরে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেই সভার আগে স্থানীয় বিজেপি নেতারা প্রচার করেছিলেন শিল্প নিয়ে বড় বার্তা দেবেন প্রধানমন্ত্রী। আদতে সিঙ্গুরের মাটিতে শিল্প নিয়ে একটি কথাও শোনা যায়নি মোদির মুখে। কেন প্রধানমন্ত্রী শিল্প নিয়ে কোনও কথা বললেন না, তা নিয়ে দ্বন্দ্ব বঙ্গ বিজেপির অন্দরে।
এবার মোদির সভার পরই সেই সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)। সেখানে শিল্পের কোনও বার্তা দেন কি না, সেই দিকেই নজর সবার। এদিকে ইতিমধ্যেই সিঙ্গুরে ৫০০ কোটি টাকার বিনিয়োগের সিলমোহর দিয়েছে রাজ্যমন্ত্রী সভা। ১১.৩৫ একর জমি বরাদ্দ করা হয়েছে। কাজ শুরু হয়েছে বলেও খবর। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সভা থেকে বাংলার আবাস যোজনার কিস্তির টাকাও প্রদান করা হবে।






