বাংলার শাসনভার দখল করেই মুসলমানদের বকরি ইদের নামাজ রেড রোডের পরিবর্তে ব্রিগেডের মাঠে করার নির্দেশিকা জারি করেছিল বিজেপি (BJP) সরকার। সেই ধারা অব্যাহত রেখেই শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনও শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শন করা যাবে না বলে লালবাজারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার শহরের সমস্ত থানাকে এই বার্তা পাঠানো হয়েছে যে, কোনওভাবেই নতুন শোভাযাত্রার অনুমতি দেওয়া যাবে না।
আগামী ২৬ জুন মহরম পালিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ডিসি পদমর্যাদার আধিকারিকদের উপস্থিতিতে থানাগুলির সঙ্গে বৈঠক করে লালাবাজার। তারপরই এক নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। কলকাতা পুলিশ (Kolkata Police) স্পষ্ট জানিয়েছে, মাইক ব্যবহার করা গেলেও তা উচ্চ আদালতের নির্দেশিকা মেনেই নির্দিষ্ট শব্দসীমার মধ্যে রাখতে হবে। কোনভাবেই ডিজে বাজানো যাবে না। পাশাপাশি অতিরিক্ত উঁচু তাজিয়া তৈরি না করার নির্দেশও দেওয়া হয়েছে (Tazia Height Restriction)। কোনও ধরণের অস্ত্র প্রদর্শন করা যাবে না। কোনও উস্কানিমূলক বা সংবেদনশীল বার্তা প্রচারও করা যাবে না। পাশাপাশি শোভাযাত্রার রুট নিয়েও সতর্ক পুলিশ। যারা এত বছর ধরে মিছিল করছেন শুধু তাদেরই অনুমতি দেওয়া হবে। মহরম উপলক্ষ্যে শুক্রবার রাজপথে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ।






