গতবারের রঞ্জি ট্রফির(Ranji Trophy) পর এবারের বিজয় হাজারে ট্রফিতেও সাফল্য অধরা বাংলা ক্রিকেট দলের(Bengal Cricket Team)। সদ্য কয়েকদিন আগে শেষ হওয়া বিজয় হাজারে ট্রফির গ্রুপ পর্ব টপকাতে পারেনি লক্ষ্মীরতন শুক্লার(Laxmiratan Shukla) বাংলা ব্রিগেড। বাংলার এই ব্যর্থতা প্রসঙ্গে দল গঠন নিয়েই প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়(Sambaran Banerjee)। একইসঙ্গে গতবারের রঞ্জি ব্যর্থতা নিয়েও দলের মধ্যে সমস্যার কথা শোনা গেল সম্বরণের মুখে।
এবারের বিজয় হাজারে ট্রফিতে বাংলার(Bengal Cricket Team) পারফরম্যান্স নিয়ে একেবারেই সন্তুষ্ট নন প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ বক্তব্য এবারের বাংলা দলের নির্বাচনেই অনেক সমস্যা ছিল। সেইসঙ্গে বেশ কয়েকটা পজিশন নিয়েই প্রশ্ন তোলেন তিনি।
সম্বরণ বন্দ্যোপাধ্যায় জানান, “এবারের বিজয় হাজারে ট্রফিতে দল নির্বাচনটা আমার মনে হয় সঠিক হয়নি। একইসঙ্গে দলের পাঁচ এবং ছয় নম্বর পজিশনে একজন ভালো ব্যাটারের প্রয়োজন। এমন একজনকে দরকার যে কম বলে বেশি রান করতে পারেননি। সেইসঙ্গে অভিষেক পোড়েলের মাঝে কয়েকটি ম্যাচ না খেলতে পারা, সেটাও কিন্তু একটা অন্যতম কারণ”।
একইসঙ্গে দলের গতবারের রঞ্জি ট্রফির পারফরম্যান্স নিয়েও খুশি নন সম্বরণ। সেখানে তো আবার দলের মধ্যে কিছু সমস্যার কথা শোনা গেল তাঁর মুখে। এই প্রসঙ্গে সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি যতটা শুনেছি দলের মধ্যে ঠিকঠাক পরিস্থিতি বোধহয় নেই। একটা দল হিসাবে খেলতে হবে। সেটা বাংলার খেলায় পাওয়া যাচ্ছে না। আমাদের বোলিং অ্যাটাক তো প্রায় ভারতীয় দলের বোলিং আক্রমণের মতো। কিন্তু সেখানে ধারাবাহিকতার অভাব। সরফরাজ যেমন ধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছেন, সেটা কিন্তু অন্য বোলারদের থেকে পাওয়া যায় না”।






