প্রথম থেকেই ক্লাব জোটের সঙ্গে ছিল না ইস্টবেঙ্গল(Eastbengal)। এবার নিজেদের অবস্থান আরও স্পষ্ট করলে দিল ইস্টবেঙ্গল(Eastbengal)। লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকারের(Debabrata Sarkar) সাফ জবাব, ফেডারেশন(AIFF) যদি নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে নেয়, তবেই নাকি তারা ক্লাব জোটের সঙ্গে থেকে লিগ আয়োজনের বিষয়টা নিয়ে ভাবতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে আয়োজনের কোনওরকম ভাবনা নেই লাল-হলুদ ম্যানেজমেন্টের। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে লাল-হলুদ।
কয়েকদিন আগেই ক্রীড়ামন্ত্রক এবং ফেডারেশনের(AIFF) সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসেছিল ক্লাবগুলো(ISL Clubs)। কিন্তু সেই বৈঠকে ছিল না ইস্টবেঙ্গল। এর আগেও ক্লাব জোটের সঙ্গে বৈঠকে বসে নি। বরং খানিকটা দুরত্ব রেখেই চলছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। অবশেষে সেই বিষয় নিয়েই মুখ খুললেন লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তাঁর মতে ইস্টবেঙ্গল(Eastbengal) খেলায় অংশগ্রহন করতে এসেছে। লিগ আয়োজনের দায়িত্ব তো ফেডারেশনের। ফেডারেশন(AIFF) ব্যর্থতার কথা জানালে তবেই নাকি তারা ভাবতে পারে।
এই প্রসঙ্গে দেবব্রত সরকার(Debabrata Sarkar) জানান, “লিগ কবে হবে জানি না। কিন্তু আমরা বিশ্বাস করি যে লিগ হবেই। পরিস্কার কথা ফেডারেশনের লিগ, ফেডারেশন লিগ করবে। ফেডারেশন বলুক যে তারা পারবে না, তখন আমরা অবশ্যই ভাবব। আমরা ম্যাচ আয়োজন করতে আসিনি। আমরা এসেছি ম্যাচ খেলতে। আমাদের বোর্ডে সিদ্ধান্ত হয়েছে আমার আয়োজন করব না। এবার যদি ফে়ডারেশন বলে যে আমরা পারছি না। তখন অবশ্যই আমরা করব। আগের থেকেই আমাকে দাও আমাকে দাও বলতে যাব কেন। আমাদের ফেডারেশনের প্রতি সম্মান রয়েছে। কারা তারা তো দীর্ঘদিন ধরে ফুটবলটাকে নিয়ে যাচ্ছে”।
দেশের সর্বোচ্চ লিগ কবে হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম নিশ্চয়তা নেই। একের পর এক বৈঠক হয়ে গেলেও কোনওরকম ফলাফল পাওয়া যাচ্ছে না। ইস্টবেঙ্গল অবশ্য ধীরে চলো নীতিই নিয়েছে। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছে তারা।







