নির্বাচনের দিন এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। কিন্ত উত্তেজনার পারদ এখন থেকেই চড়তে শুরু করেছে। পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সেদিনই সোশ্যাল মিডিয়াতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের((Mamata Banerjee) বিরাট বার্তা। কোনওরকম চাপের কাছে মাথা নোয়ানো নয়। বরং লড়াই চালিয়ে যাওয়ারই বার্তা দিয়েছেন মমতা(Mamata Banerjee)। তাঁর সাফ বার্তা সমস্তরকম রক্তচক্ষু উপেক্ষা করেই এগিয়ে যেতে হবে তাদের।
এদিন এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “মা-মাটি-মানুষের সেবার লক্ষ্যে ১৯৯৮ সালের আজকের দিনে তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথের মূল দিশারী দেশমাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা। আজও আমাদের দলের প্রতিটি কর্মী-সমর্থক এই লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। তাঁদের নিরলস প্রচেষ্টা ও আত্মত্যাগকে আমি বিনম্র চিত্তে সম্মান ও শ্রদ্ধা জানাই।”
লড়াই আর মমতা যে এই বাংলায় একটা সমার্থক নাম হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আগামী বিধানসভা নির্বাচনের আগে সেই লড়াইের বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা।







