প্রয়াত ইলিয়াস পাশাকে শেষ শ্রদ্ধার্ঘ নিবেদন করল ইস্টবেঙ্গল(Eastbengal)। একইসঙ্গে তাঁর পরিবারের হাতে ১১ লক্ষ টাকা তুলে দেওয়ার কথাও শনিবার ঘোষণা করা হল ইস্টবেঙ্গল ক্লাবের তরফে। ৬ ফেব্রুয়ারি সেই টাকা উঠবে তাঁর পরিবারের হাতে। একইসঙ্গে ইলিয়াস পাশার উদ্দেশ্যে আগামী ৬ ফেব্রয়ারি অ্যালভিটো, ভাইচুং, ব্যারেটোদের মতো প্রাক্তন ফুটবলারদের নিয়ে হবে একটি বেনিফিট ম্যাচ। তাদের উপস্থিতিতেই উদ্বোধন হবে ইস্টবেঙ্গলের নতুন অ্যাস্ট্রোটার্ফেরও।
সাংবাদিকদের সামনে ক্লাবের প্রাক্তন ফুটবলার ভাস্কর গাঙ্গুলি, বিকাশ পাঁজি, আ্যলভিটো ডি কুনহা প্রমুখের গলায় পাশা ছিলেন একজন ‘ভালো মানুষ’ ফুটবলার।একই বক্তব্য শোনা গেল ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, সচিব রূপক সাহা, এফপিএ জেনারেল ম্যানেজার সাইরাসের কাছ থেকে। ইলিয়াস পাশার হঠাৎ চলে যাওয়াটা যে কেউই মেনে নিতে পারছেন না সেটাই যেন বারবার ফুটে উঠল এদিনের সাংবাদিক সম্মেলন থেকে।
সেদিন প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল স্টার্স বনাম ইস্টবেঙ্গল লেজেন্ডস। দু দলকে নেতৃত্ব দেবেন যথাক্রমে তুষার রক্ষিত এবং বিকাশ পাঁজি। দ্বিতীয় ম্যাচ ইস্টবেঙ্গল বনাম এফপিআই। নেতৃত্বের আর্মব্যান্ড থাকবে যথাক্রমে বাইচুং ভুটিয়া এবং হোসে রামিরেজ ব্যারেটো।
ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের কথায়, স্মৃতিচারণের চেয়ে প্রয়াত ফুটবলারের পরিবারের পাশে থাকাটাই মুখ্য কাজ। চিরবিদায়ের একদিন আগে পাশা তাঁকে ফোন করে বলেছিলেন, তিনি ভালো নেই। এটার আগেই উদ্যোগী হয়েছিলেন দেবব্রত সরকার। কিন্তু ভাবতে পারেননি সেটাই শেষ বাক্যালাপ।







