ঘোষণাটা বহু আগেই করেছিলেন। এবার সেই মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) শিলান্যাস করলেন দুর্গাঙ্গনের। নিউটাউনে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের নিয়ে উদ্বোধন দুর্গাঙ্গনের(Durgangan) শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ বছরে আর চারদিন নয়, মা দুর্গার পুজো এবার রাজ্যবাসী প্রতিদিনই দিতে পারবেন। নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) এই কাজকে অনেকেই মাস্টারস্ট্রোক হিসাবেই দেখছেন। আগামী ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হবে বলেও জানিয়ে দিলেন মমতা।
সোমবার বিকেলে নিউটাউনে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের উপস্থিতিতে দুর্গা অঙ্গনের(Durgangan) শিলান্যাস করে এর বিশেষত্বের কথা সবিস্তারে বর্ণনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) । পাশাপাশি ছাব্বিশের ভোটের আগে মুখ্যমন্ত্রী ‘হিন্দুত্বে’ জোর দিচ্ছেন বলে বিরোধীরা যে রব তুলেছিলেন, তারও সপাট জবাব দিলেন তিনি।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ”আমি সব ধর্মকে শ্রদ্ধা করি। সব ধর্মের সব অনুষ্ঠানে থাকি। কারণ, আমি মনে করি ধর্ম যার যার, উৎসব সবার। জানেন এই দুর্গা অঙ্গন কেন তৈরি হচ্ছে? যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁদের বলি। ইউনেস্কো আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোকে কালচারাল হেরিটেজের তকমা দিয়েছে। তাদের স্বীকৃতিকে সম্মান জানাতে এই দুর্গা অঙ্গন তৈরি করা হল। সেই সঙ্গে সারাবছর এখানে মা দুর্গার দর্শন ও নিত্যপুজো হবে।”
নিউটাউনের ইকো পার্কের কাছে ১৭.২৮ একর জমির ওপর তৈরি হবে এই দুর্গাঙ্গন। দুর্গাঙ্গনের চারপাশে থাকবে ২০ ফুটের চওড়া রাস্তা। ১০৮ দেবদেবীর মূর্তি, ৬৪ সিংহ মূর্তি থাকবে। ৩৬৫ দিন খোলা থাকবে দুর্গা অঙ্গন, দেওয়া যাবে পুজো।






