অবসরের সমস্ত জল্পনা উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনেই(Australian Open) শেষ দুই বছরের খরা কাটাতে চান নোভাক জকোভিচ(Novak Djokovic)। বেশ কয়েকদিন ধরেই তাঁর অবসরের একটা কানাভুসো চলছিল। সেই প্রসঙ্গেই এবার সাফ জবাব দিলেন এই মুহূর্তে পুরুষদের বিভাগে সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ী তারকা টেনিস খেলোয়াড়। এই মুহূর্তে ২৪টি গ্র্যান্ডস্লাম রয়েছে নোভাক জকোভিচের(Novak Djokovic) ঝুলিতে। আর একটি জিততে পারলেই টপকে যাবেন মার্গারেট কোর্টকে। সেইসঙ্গেই বিশ্বে সর্বোচ্চ গ্র্যান্ডস্লামের মালিকও হবেন তিনিই।
শেষবার ২০২৩ সালে নোভাক জকোভিচ ইউএস ওপেন(US OPen) চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেটাই ছিল তাঁর শেষ গ্র্যান্ডস্লাম(Grandslam) জয়। এরপর থেকে অবশ্য টেনিস কোর্টে সেভাবে সাফল্য নেই নোভাক জকোভিচের। ২০২৪ এবং ২০২৫ সালে বারবার গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে উঠলেও শেষরক্ষা করতে পারেননি তিনি।
কখনও জ্যাক সিনার, কখনও আলকারাজ, জেভরেভেদের কাছে আটকে গিয়েছিলেন জোকার। সেইসঙ্গে ছিল চোট আঘাতের যন্ত্রনা। মাঝেমধ্যেই বিভিন্ন প্রতিযোগিতা থেকে এই চোট আঘাতের জন্য নাম তুলে নিতে বাধ্য হয়েছিলেন নোভাক জকোভিচ। এমন পরিস্থিতিতেই তাঁর অবসর নিয়ে একটা জল্পনা আরম্ভ হয়ে গিয়েছিল। এবার সেই নিয়েই মুখ খুললেন খোদ জকোভিচ।
কোনওরকম অবসরের পরিকল্পনা নেই এই কিংবদন্তীর। মরসুমের প্রথম গ্র্যান্ডস্লামে নামার আগেই জোরালো বার্তা দিলেন জকোভিচ। সেখানেই ফের একবার গ্র্যান্ডস্লামের মুকুট তাঁর মাথায় ওঠে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।







