শুক্রবার বারুইপুরে বিরাট জনসভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee)। সেখান থেকেই এসআইআর(SIR) নিয়ে তৃণমূলের(TMC) তোলা হেনস্থার অভিযোগ নিয়ে ফের একবার সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। সেইসঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দিলেন বিরাট হুঙ্কারও। কয়েকদিন আগে তিনি দিল্লি গিয়েছিলেন। এবার এর প্রতিবাদ করতে দিল্লি যাবেন নাকি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একইসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলেও কটাক্ষ করেন তিনি।
এদিনের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) বলেন, “আমরা দিল্লিতে কমিশনের দফতরে গিয়েছিলাম। এবার যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।” অভিষেক আরও বলেন, “আমার সঙ্গে আঙুল তুলে কথা বলছিলেন জ্ঞানেশ কুমার। বাঙালি কী, তা দিল্লিতে গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছি। এর পরে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট নির্দেশের পরেও ১০০ দিনের প্রকল্প চালু করেনি বিজেপি সরকার। আপনি মনোনীত আর আমরা নির্বাচিত।”
একইসঙ্গে এদিন বিজেপিকেও নিশানা করেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সভাপতির সাফ বক্তব্য মহারাষ্ট্রে বাংলা বলায় গ্রেফতার হয়েছিলেন খোদ বালুরঘাটের বিজেপি বুথ সভাপতি। সেখানে বঙ্গ বিজেপি নয়, বরং তৃণমবলই লড়াই করে ফিরিয়ে এনেছিল। এই কথা বলেই অভিষেকের কটাক্ষ, “নিজেদের বুথ সভাপতিকে যে বিজেপি রক্ষা করতে পারে না, তারা বাংলার মানুষকে কী ভাবে রক্ষা করবে? এরা শুধু কাড়তে জানে, দিতে জানে না।”
নতুন বছর পড়তেই রাজ্যে কার্যত নির্বাচনের দামামা যেন বেজে গিয়েছে। একদিকে দক্ষিণ যখন অভিষেকের সভা। অন্যদিকে একই দিনে আবার উত্তরে বিরাট সভা ছিল শুভেন্দু অধিকারির।






