বৃহস্পতিবার নেতাজি ইনডোরে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে পুজোর অনুদান ২৫ হাজার টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। গতবার পুজোর অনুদান বাবদ ৮৫ হাজার টাকা থাকলেও, এবছর তা বাড়িয়ে করা হল ১ লক্ষ্য ১০ হাজার টাকা। সাথে বিদ্যুতের ক্ষেত্রেও ৮০ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পুজো অনুদান বৃদ্ধি নিয়ে বিধানসভার সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিরোধী দলনেতা বলেন, “১ লক্ষ ১০ হাজার টাকা কেন, পারলে ২ লক্ষ ১০ হাজার টাকা দিন। কিন্তু তার আগে কর্মচারীদের ডিএ-র টাকাটা মেটান।”
পাশাপাশি শুভেন্দু অধিকারী আরও বলেন, “আগে চাকরি দিন। রাজ্য প্রায় ৬ লক্ষ পদ আছে সেই পদগুলো পূরণ করুন। আশা কর্মী, আইসিডিএস, কন্ট্রাকচুয়াল, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, ডেটা এন্ট্রি অপারেটর এদের বেতন বাড়ান। তারপর যা ইচ্ছা তাই করুন।” শুভেন্দুর আরও সংযোজন, “দেখতে থাকুন, এবার উনি ইমাম মোয়াজ্জেমদের ভাতাও ৫০০ টাকা করে বাড়িয়ে দেবে।”







