কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেল বাংলার দৌড়। সন্তোষ ট্রফিতে সার্ভিসেসের কাছে টাইব্রেকারে হেরে গেল বঙ্গ ব্রিগেড। বাংলার গোলকিপারের চেষ্টায় লড়াইয়ে ফিরলেও, শেষ শট বাংলার আটকে যেতেই সমস্ত আশা শেষ। গতবারের চ্যাম্পিয়ন বাংলাকে এবার অসম থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে। দলের এমন পারফরম্যান্সে যে কোচ সঞ্জয় সেনও বেশ হতাশ তা বলার অপেক্ষা রাখে না।
গতবার সঞ্জয় সেনের হাত ধরেই সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। এবারের দায়িত্বও ছিল সেই সঞ্জয় সেনের ওপরই। শুরু থেকে সন্তোষ ট্রফিতে দুরন্ত ফর্মে ছিল বঙ্গ ব্রিগেড। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল বাংলা। তবে শেষ দুটো ম্যাচে কিন্তু ড্র করেই মাঠ ছাড়তে হয়েছিল সঞ্জয় সেনের দলকে।
এদিনও সার্ভিসেসের বিরুদ্ধে নির্ধারিত সময় পর্যন্ত গোল করতে পারেনি বঙ্গ ব্রিগেড। যদিও সুযোগ যে পায়নি এমনটাও কিন্তু নয়। কিন্তু শেষরক্ষা হয়নি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল গোলশূন্য। এবার টাইব্রেকারে ভাগ্য নির্ণয়।
সেখানে শুরুতেই পরপর দুবার আটকে যায় বাংলা। কিন্তু তাদের লড়াইয়ে রেখেছিল বাংলার গোলরক্ষক। সার্ভিসেসের তিনটি শট তিনি একা আটকেছেন। বাংলা সমতাতেও ফেরে। কিন্তু শেষ শট ফের আটকে দেন সার্ভিসেসের গোলকিপার। আর তাতেই এবারের মতো সন্তোষ জয়ের স্বপ্ন শেষ বাংলার।







