শহরে কবে আসবেন ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি ইউসুফ এজেজ্জারি(Yussef Ezzejjari)। সেই নিয়েই এখন জল্পনা তুঙ্গে। আইএসএলের(ISL) জন্য তাঁর রেজিস্ট্রেশন করানো হয়ে গেছে। কিন্তু যে খেলবে সেই ইউসুফই(Yussef Ezzejjari) নাকি এখনও পর্যন্ত ভিসা পাননি। ক্লাবের তরফ থেকে চেষ্টা করা হলেও এখনও পর্যন্ত ইউসুফের হাতে আসেনি ভিসা। শুক্রবার যদি ভিসা না পান, সেক্ষেত্রে ইউসুফের শহরে আসার অপেক্ষাটা যে আরও বাড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
তবে ক্লাবের তরফে চেষ্টা করা হচ্ছে তিনি ভিসা পেয়ে যাতে এই সপ্তাহের মধ্যেই চলে আসতে পারেন। কারণ আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল। তার আগে দলের সঙ্গে মানিয়ে নিতেও সময় লাগবে। সেই জন্যই যতটা দ্রুত সম্ভব ইউসুফকে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন ইস্টবেঙ্গল(Eastbengal) ক্লাব কর্তারা।
হামিদ এবং হিরোশিকে ছেড়ে দেওয়ার পর ইউসুফকেই(Yussef Ezzejjari) সই করিয়েছিল ইস্টবেঙ্গল। সকলে ছটি বিদেশিতে খেললেও, ইস্টবেঙ্গল কিন্তু খেলবে এবার পাঁচ বিদেশি। আর সেখানেই তাদের নতুন বিদেশি এই স্প্যানিশ স্ট্রাইকার ইউসুফ এজেজ্জারি। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের একমাত্র বিদেশি স্ট্রাইকারও তিনিই।
ইউসুফ ছাড়া লাল-হলুদের স্ট্রাইকার এখন একমাত্র ডেভিড। যদিও ইস্টবেঙ্গল সদ্যই আবার জেরিকেও সই করিয়েছে। এতকিছুর মধ্যে ইস্টবেঙ্গল শিবিরে আবার সুখবর কেভিন সিবিলের সেরে ওঠা। বৃহস্পতিবার থেকেই প্রস্তুতিতে নেমে পড়লেন এই কেভিন। তবে নাওরেম মহেশ কবে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে এখনও পর্যন্ত কোনও ধারনা নেই।







