জট খুলছে ভারতীয় ফুটবলের। আইএসএলের(ISL) সূচী প্রকাশ হওয়া এখন সময়ের অপেক্ষা। সেই সময়ই দিল্লিতে বসে প্যারালাল স্পোর্টসকে খোলামেলা সাক্ষাতকার দিলেন কেএস সত্যনারায়ন(KS Satyanarayan)। সেখানে আইএসএল(ISL), আইলিগ তো বটেই, ভারতীয় মহিলাদের বিশ্বকাপে হাতছানি নিয়েও উঠে এল নানান কথা। আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে আইএসএল। সবকিছু ঠিকঠাক থাকলে, ডার্বি(Kolkata Derby) না হলেও উদ্বোধন যে কলকাতাতেই হচ্ছে তা একপ্রকার নিশ্চিত। সূচী ঘোষণার সময়ও এল সামনে।
ফেডারেশনের ডেপুটি সচিব জানান, “বুধবার বিকেল কিংবা বৃহস্পতিবারের মধ্যেই হয়ত সূচী প্রকাশিত হয়ে যাবে। এখানে সকলে একসঙ্গেই কাজ করছে। ডার্বি দিয়েই শুরু হবে কিনা সেটা এখনই বলা সম্ভব নয়। তবে কলকাতায় মাঠ সবসময়ই প্রস্তুত। সেক্ষেত্রে সেখানে উদ্বোধনের একটা ম্যাচ হতেই পারে। সেইসঙ্গে প্রতিটি ক্লাবের এখন মাঠ নিয়েও নানান আলোচনা চলছে।“
একইসঙ্গে আইএসএলের(ISL) পাশাপাশি আইলিগ নিয়েও চলছে কাজ। ফেব্রুয়ারির শেষে আইলিগ নিয়েও আসতে চলেছে বড় আপডেট। ফেডারেশনের ডেপুটি সচিব সত্যনারায়ন জানান, “দেখুন আইএসএল আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। সেই নিয়ে এই মুহূর্তে সকলে বেশ ব্যস্ত রয়েছে। একইসঙ্গে অবশ্য আইলিগ নিয়েও আমাদের কাজ চলছে। বিশেষ করে নতুন তৈরি হওয়া কমিটিরা সাজ শুরু করে দিয়েছে। ফেব্রুয়ারির শেষেই হয়ত আইলিগও শুরু হয়ে যেতে পারে।“
সম্প্রতি ভারতীয় পুরুষদের দলের পারফরম্যান্স নিয়ে নানান সমালোচনা চললেও, দুরন্ত গতিতে এগিয়ে চলছে মহিলাদের ফুটবল। বিশেষ করে ভারতীয় মহিলা ফুটবল দল এশিয়া কাপে নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারলেই প্রথমবার বিশ্বকাপের দড়জা খুলে ফেলতে পারবে। ইতিহাসের অপেক্ষায় সকলেই। পুরুষদের দল ব্যর্থ হলেও, জুনিয়র দলগুলো এবং মহিলা দলগুলো দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। বিশেষ করে তাদের সামনে রয়েছে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের হাতছানি। উচ্ছ্বাসের সুর শোনা গেল কেএস সত্যনায়ায়নের মুখেও।






