নতুন বছরের শুরুতেই রাজ্যে নিপা ভাইরাসের(Nipa Virus) চোখ রাঙানি। ইতিমধ্যেই এই ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত পশ্চিমবঙ্গেরই দুই নার্স। এই মুহূর্তে বারাসতের(Barasat) একটি বেসরকারী হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন তারা। দুজনই আপাতত লাইফ সাপোর্টে রয়েছেন। আর এই ঘটনা জানার পরই রাজ্যে জুড়ে জারি হয়েছে উচ্চ সতর্কতা।
জানা গিয়েছে, দুই নার্সের রক্তের নমুনা একাধিক ল্যাবরেটরিতে পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য দফতরের প্রাথমিক অনুমান, কর্মসূত্রে পূর্ব বর্ধমানে যাতায়াতের সময়ই তাঁরা সংক্রমিত হয়ে থাকতে পারেন। তবে ঠিক কীভাবে এবং কোন উৎস থেকে নিপা ভাইরাস শরীরে প্রবেশ করেছে, তা এখনও স্পষ্ট নয়। এই অনিশ্চয়তাই উদ্বেগ আরও বাড়িয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যের পাশে দাঁড়িয়েছে। একটি জাতীয় যৌথ আউটব্রেক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। এই দল আক্রান্ত দুই নার্সের সংস্পর্শে আসা সকল ব্যক্তিকে চিহ্নিত করে নমুনা পরীক্ষা করছে। জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র -এর এক সূত্র জানায়, ‘এই মুহূর্তে সংক্রমণের সুনির্দিষ্ট উৎস চিহ্নিত করা যায়নি। আক্রান্তদের অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক।’






