মরসুম শুরুর আগেই বড় ধাক্কা মোহনবাগান শিবিরে। আইএসএলে আশিস রাইকে ছাড়াই মাঠে নামবে মোহনবাগান সুপারজায়ান্ট। প্রথমবার সাংবাদিকদের সম্মুখীন হয়েই সেই কথা জানিয়ে দিলেন কোচ সের্জিও লোবেরা। আশিসের না থাকাটা যেমন সমস্যা, তেমনই কোচের কাছে যে বিকল্পও রয়েছে সেই কথাও জানাতে দ্বিধা করেননি তিনি। তাঁর পরিবর্ত হিসাবে যেমন খেলতে পারেন দীপেন্দু বিশ্বাস। তেমনই আবার পজিশন পরিবর্তন হতে পারে অভিষেক টেকচাম সিংয়ের।
অন্যদিকে মোলিনার কোচিংয়ে ব্রাত্য দিমিত্রি পেত্রতসই এখন সের্জিও লোবেরার প্রধান অস্ত্র। দিমিকে গতবার প্রথম একাদশে রাখতেন না মোলিনা। কিন্তু লোবেরা আসার পর থেকেই যেন বদলে গিয়েছেন দিমিত্রি পেত্রাতোস। নিজেকে ভেঙেচুরে যেমন নতুন ভাবে তৈরি করেছেন। তেমনই আবার ফিরেছেন তাঁর পুরনো ফর্মে। এক্র পর পর প্রস্তুতি ম্যাচে গোলের বন্যা বইয়েছেন দিমিত্রি পেত্রাতস। এবার কোচের মুখেও তাঁর প্রশংসা। ব্যক্তিগতভাবে ফুটবলারদের নিয়ে সেভাবে বলেন না লোবেরা। কিন্তু এদিন দিমির প্রচ্ছন্ন প্রশংসা শোনা গেল লোবেরার মুখেও। তিনি জানান, আমার সেটআপে দুরন্ত খেলছেন দিমিত্রি পেত্রাতস। সত্যিই ভালো খেলছেন তিনি। দলের অন্যান্য বিদেশিদের মতোই ভাল খেলছেন।
মুম্বই সিটি এফসিকে দুবার চ্যাম্পিয়ন করিয়েছেন। এফসি গোয়াকে সুপার কাপ দিয়েছেন। এবার সেই সের্জিও লোবেরাই মোহনবাগানে। বাকিদের থেকে মোহনবাগানের দায়িত্বটা যে সম্পূর্ণ আলাদা তা প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েই জানিয়ে দিয়েছেন তিনি। সেই কারণেই তো মোহনবাগানের তুলনাটা সরাসরি বার্সেলোনা, রিয়্যাল মাদ্রিদের সঙ্গে করছেন সের্জিও লোবেরা। তাঁর বলতে কোনও দ্বিধা নেই যে এই দুটো দলের মতো মোহনবাগানও দ্বিতীয় পজিশনের জন্য খেলে না। অন্যতম সেরা নয়, মোহনবাগান ভারতের সেরা দল। লোবেরা জানান, মোহনবাগান আমার কাছে অন্যতম সেরা দল নয়, তারা ভারতের সেরা ক্লাব। রিয়্যাল মাদ্রিদ, বার্সেলোনার মতো ক্লাবেদের মতো মোহনবাগানও কথনও দ্বিতীয় হতে পছন্দ করে না। অর্থাৎ আমরা চ্যাম্পিয়ন হওয়াটাই বুঝি।
সের্জিও লোবেরা যে ম্যাচেই মাঠে নামুক না কেন, ডাগ আউটে তিনি সব সময়ই সাদা পোশাক পড়েন। বিশ্বের বিভিন্ন ফুটবলার থেকে কোচেদের নানান কুসংস্কারের কথা আমরা হামেশাই শুনতে পাই। লোবেরারও কী তবে এমনই কোনও কুসংস্কার রয়েছে। আর সেখানেই বেশ মজার ছলেই দিলেন উত্তর।
চলতি সপ্তাহের শেষ থেকেই অনলাইনে টিকিট দেওয়া শুরু করতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্ট। তবে অফ লাইনে কবে থেকে টিকিট দেওয়া হবে তা নিয়ে এখনও পর্যন্ত সেভাবে কোনও নিশ্চয়তা নেই। শোনাযাচ্ছে মাঠ ইনস্পেকশন হয়ে গেলেই তাঁরপর ক্লাব থেকে টিকিট দেওয়া শুরু হতে পারে। অন্যদিকে মোহনবাগানের দায়িত্ব নেওয়ার পাশাপাশি এই মরসুমটা যে অত্যন্ত কঠিন তাও মেনে নিচ্ছেন কোচ সের্জিও লোবেরা। শর্টটার্ম লিগ। সেভাবেই তো নিজেদের গুছিয়েও নিচ্ছেন তিনি।







