সন্তোষ ট্রফিতে(Santosh Trophy) শুরুটা দুরন্তভাবে শুরু করল গতবারের চ্যাম্পিয়ন বাংলা(Bengal)। প্রথম ম্যাচেই নাগাল্যান্ডকে ৪-০ গোলে হারাল বাংলা। এই জয়ে দলের ফুটবলারদের আত্মবিশ্বাস যে বাড়তে তা বলার অপেক্ষা রাখে না। তবে আত্মতুষ্টির কোনও জায়গা যে নেই, সেটা ম্যাচ শেষেই ফুটবলারদের স্পষ্ট করে দিয়েছেন কোচ সঞ্জয় সেন(Sanjay Sen)। তাঁর সাফ বক্তব্য, ম্যাচ জয় এখন অতীত, সামনের দিকে এগিয়ে যেতে হবে তাদের।
নাগাল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকেই ফেভারিটের তকমা ছিল বাংলার(Bengal) গায়ে। সেভাবেই এদিন শুরু থেকে আক্রমণাত্মক মেজাজেও ছিলেন তন্ময় দাস, চাকু মান্ডিরা। দলের এই পারফরম্যান্সে সত্যিই আপ্লুত কোচ সঞ্জয় সেনও(Sanjay Sen)।
ম্যাচ শেষে তিনি জানান, আমি আমার দলের খেলায় খুশি। আমি ফুটবলারদের থেকে ঠিক যেটা চেয়েছিলাম, সেটাই তারা সঠিকভাবে করেছে। তবে এটা নিয়ে থেমে থাকার সময় আমাদের নেই। এটা সবে শুরু। সামনে এখনও অনেকটা পথ এগোতে হবে আমাদের। এই ম্যাচ ভুলে এবার সামনের দিকেই তাকাতে হবে।
এই ম্যাচেই প্রথমবার গোল পেয়েছেন আকিব নওয়াব এবং আকাশ হেমব্রোম। দলের স্বার্থে তাঁর গোল কাজে লাগায় আপ্লুত আকিব। এই গোল তিনি দলের উদ্দেশ্যেই উৎসর্গ করছেন। সেইসঙ্গে এই পারফরম্যান্স যাতে ধরে রাখতে পারেন সেদিকেই প্রধান নজর আকিবের।







