বিজেপির বাংলা এবং বাঙালি বিরোধী মনোভাব ও কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নাগরিক সভার আয়োজন করতে চলেছে বনগাঁর তৃণমূল নেতৃত্ব। সেই নাগরিক সভার প্রস্তুতি অনুষ্ঠানে মঙ্গলবার হাজির ছিলেন কুণাল ঘোষ। অধ্যাপক প্রদীপ্ত মুখার্জি এবং সমাজসেবী অমিতাভ দাসের আহ্বানে এদিন বনগাঁয় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের ওপর অত্যাচার এবং আক্রমণের প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর যেভাবে আক্রমণ নেমে আসছে, এই আক্রমণের মধ্য দিয়ে বিজেপি তাদের বাঙালি বিদ্বেষী মনোভাব আরও স্পষ্ট করছে, এমনই অভিযোগ এনে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দল। বিভিন্ন নাগরিক সংগঠন ও বিজেপির বিরুদ্ধে এই ঘটনা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। আগামীতে বনগাঁয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে অরাজনৈতিক ব্যানারে নাগরিক সভা অনুষ্ঠিত হতে চলেছে। সেই নাগরিক সভায় কী কী পরিকল্পনা হবে, সর্বস্তরের মানুষকে কীভাবে সেই নাগরিক সভায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হবে— এসব নিয়েই এদিন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, কাউন্সিলর অরূপ চক্রবর্তী, বিশ্বজিৎ দাস, গোপাল শেঠ সহ অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে এই প্রস্তুতি সভায় আলোচনা করা হয়। বৈঠক শেষে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “বাংলা ভাষার বিরুদ্ধে এই যে সন্ত্রাস চালাচ্ছে কেন্দ্র এবং বাঙালি শিকড় ধরে টান মারার চেষ্টা করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সর্বস্তরের নাগরিক একত্রিত হয়ে বনগাঁতে একটি নাগরিক সভা আয়োজিত করতে চলেছে, তারই প্রস্তুতি সভা আজ অনুষ্ঠিত হল।”
নাগরিক সভা আয়োজনের জন্য বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ ও বিশ্বজিৎ দাস সহ অন্যান্য নেতৃত্বদের দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিষয়ে গোপাল শেঠ জানিয়েছেন, “আমরা আগামীতে যাতে ঠিকমত এই নাগরিক সভা আয়োজন করতে পারি, তারই প্রস্তুতি আজ নেওয়া হল। আশাকরি আজকের বৈঠকে যেভাবে পরিকল্পনা করা হয়েছে নাগরিক সভা আয়োজনের, তা ঠিকমত বাস্তবায়ন করতে পারব।”







