ইস্টবেঙ্গল(Eastbengal) ক্লাব কর্তারা যখন কিশোরভারতীতে(Kishorebharati Stadium) না খেলা নিয়ে হুমকি দিচ্ছেন, সেই সময়ই ফেডারেশনের(AIFF) কাছে কিশোরভারতী স্টেডিয়ামেই খেলার কথা জানিয়ে দেওয়া হল আবার ইমামি ম্যানেজমেন্টের(Emami Management) তরফে। ক্লাব কর্তাদের সঙ্গে ইমামি ম্যানেজমেন্টের দ্বন্দ্বটা যে এবার আরও প্রকাশ্যে তা কার্যত স্পষ্ট। ক্লাব যুবভারতীর কথা বললেও, ইমামি কিন্তু এবার ইস্টবেঙ্গলের(Eastbengal) খেলার আয়োজন কিশোরভারতী স্টেডিয়ামেই করছে। আর তাতেই ফের সরগরম কলকাতা ময়দান। যদিও কিশোরভারতীতে খেলা হলে ইস্টবেঙ্গল কর্তারা মাঠে না যাওয়ার হুমকি আগেই দিয়েছেন। তবে কী ইস্টবেঙ্গল কর্তারা এবার নিজেদের দলের খেলা শুধুমাত্র ফ্যানকোডেই দেখবেন। আইএসএলের আগে এই দ্বন্দ্ব দলের খেলায় আবার প্রভাব ফেলবে না তো।
গত বৃহস্পতিবারই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন দেবব্রত সরকার। একইসঙ্গে তিনি আবার ইমামির ম্যাচ যুবভারতীতে করা নিয়ে আশাবাদী থাকার কথাও বলেছিলেন। কিন্তু তেমনটা হল না। আশাহতই হলেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা।
খরচ বাঁচানোর জন্য এবার কিশোরভারতীতে ম্যাচ করার কথা আগেই ঠিক করে ফেলেছিল ইমামি। সেই নিয়ে ক্লাব কর্তাদের সঙ্গে চলছিল চাপানউতোর। এরপরই ক্লাব কর্তারা কিশোরভারতী স্টেডিয়ামে ম্যাচ দেখতে না যাওয়ার হুমকি দিয়েছিলেন। তাদের সাফ বার্তা ছিল সভ্য, সমর্থকরা সেখানে ম্যাচ দেখতে পাবেন না। তাই কিশোরভারতী নয়। কিন্তু ইমামি ম্যানেজমেন্ট সেই কথা মানল না। দুই পক্ষের দ্বন্দ্ব যে এবার আরও প্রবল হয়েছে তা কিন্তু স্পষ্ট।







