ব্রিগেডে পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ। সেখানেই প্যাটিস বিক্রেতাকে হেনস্থার ছবি ভাইরাল। সেই ঘটনাতেই তীব্র ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কৃষ্ণনগরের সভা থেকেই ফে একবার মমতার মুখে সর্ব ধর্ম সমন্বয়ের কথা। একইসঙ্গে তিনি জানিয়ে দিলেন যারা এমন আচরণ করেছেন তাদের সকলকেই গ্রেফতার করা হয়েছে। এমন ঘটনা যে রাজ্যে বরদাস্ত নয় তা ফের একবার স্পষ্ট করে বুঝিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)।
কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “সবকটাকে গ্রেপ্তার করেছি। এটা বাংলা। উত্তরপ্রদেশ নয়।” একইসঙ্গে মমতা আরও বলেন, “গীতাপাঠ তো আমরা সকলেই বাড়িতে করি। পাবলিক মিটিং করার কী দরকার? দুর্গাপুজো যখন হয়, তখন মিলেমিশে করি। আপনারা কে? যে ভেদাভেদ করছেন। আমি সবধর্মকে নিয়ে চলতে চাই। নতুন ধর্ম আমদানি করেছেন।”
গত ৭ ডিসেম্বর ব্রিগেডে ছিল লক্ষ কন্ঠে গীতাপাঠের আয়োজন। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগেই আয়োজিত হয়েছিল সেই সভা। সেখানেই উপস্থিত হয়েছিলেন ভারতের বিভিন্ন প্রান্তের ধর্মগুরুরা। ব্রিগেডের(Brigade) সেই মাঠেই প্যাটিস বিক্রি করতে গিয়েছিলেন দুই বিক্রেতা। অভিযোগ সেই সময়ই নাকি অনুষ্ঠানে সামিল হওয়া কয়েকজন যুবক নাকি তাদের হেনস্থা করেন। শুধু তাই নয় প্যাটিসের বাক্সও উল্টে দেওয়া হয়েছিল। এমনকি তাদের মারধর ও উঠবোস করানোরও অভিযোগ উঠেছে। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেও খুব একটা বেশি সময় নেয়নি। ধর্মীয় অনুষ্ঠানের জায়গায় চিকেন প্যাটিস বিক্রি কেন, এই প্রশ্ন তুলেই বিক্রেতাকে হেনস্থা করা হয়।
এই ঘটনা সামনে আসার পর আগেই ফুঁসে উঠেছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এবার কৃষ্ণনগরের মঞ্চ ক্ষোভ প্রকাশ খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।







