নাওরেম মহেশ এবং কেভিন সিবিলে ছাড়া বাকি সকলকেই প্রথম প্রস্তুতি ম্যাচে দেখে নিলেন অস্কার ব্রুজোঁ। আর এই ম্যাচ দেখে যে তিনি খুব একটা খুশি এমনটাও কিন্তু নয়। কারণ বিষ্ণু, জয় গুপ্তা গোল পেলেও, একটা গোল কিন্তু হজমও করতে হয়েছে ইস্টবেঙ্গলকে। অর্থাৎ দলের রক্ষণ নিয়ে যে চিন্তা খানিকটা রয়েই যাচ্ছে তা বলাই যায়।
লাল-হলুদ শিবিরের হয়ে এদিন শ্রীনিধির বিরুদ্ধে ২-১ গোলে ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল।গোল করেছেন পিভি বিষ্ণু এবংজয় গুপ্তা। এই ম্যাচেই প্রথমবার খেললেন জেরিও। তাঁর পারফর্ম্যান্স নাকি মনে ধরেছে কোচের। তবে চিন্তা মুক্ত একেবারেই হতে পারছে না লাল-হলুদ ব্রিগেড।
আগামী ৮ ফেব্রুয়ারি ফের প্রস্তুতি ম্যাচ নামবে ইস্টবেঙ্গল। সেখানে তাদের প্রতিপক্ষ মহমেডান এসসি। এদিন প্রথম প্রস্তুতি ম্যাচ খেলা হয়ে গেলেও, এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের নতুন স্ট্রাইকার কবে আসছেন সেই নিয়ে কোনও আপডেট নেই। যদিও শোনাযাচ্ছে এই সপ্তাহে চলে আসতে পারে। কিন্তু কবে আসছেন সেই খবর নেই অস্কার, থংবোইয়ের কাছেও।







