বাংলা ও বাঙালির উপর অত্যাচার ও অপমান ইস্যুতে এবার কংগ্রেসকে পাশে পেল জোড়াফুল শিবির। ইতিমধ্যে এই নিয়ে সংসদে শুরু থেকেই প্রতিবাদ করে আসছে তৃণমূল। আর তৃণমূল নয়, এই ইস্যুতে লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই মুলতুবি প্রস্তাব জমা দিল রাহুল গান্ধীর দল।
মঙ্গলবারই বৈঠকের পর তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা সংসদ চত্বরে মকরদ্বারের সামনে তুমুল প্রতিবাদ জানান।বৃহস্পতিবারও সংসদে এই ইস্যুতে প্রতিবাদ জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস। তবে শুধু তৃণমূল নয়, এবার এই ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়াচ্ছে কংগ্রেসও। তার প্রথম ধাপ হিসেবে দুই কক্ষে মুলতুবির নোটিস দিয়েছে কংগ্রেস। সূত্রের খবর, এই ইস্যুতে তৃণমূলের পাশাপাশি বিজেপিকে নিশানা করতে চাইছে কংগ্রেসও। এই ইস্যুতে তৃণমূলের সঙ্গে সমন্বয় বাড়াতে চাইছে হাত শিবির।বৃহস্পতিবার রাতেই রাহুল গান্ধীর ডাকা নৈশভোজে উপস্থিত থাকবেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।







