পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন রোহিত শর্মা। আর সেই খবরটা জানার পর থেকেই উচ্ছ্বাসে ভাসছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ক্রিকেট কেরিয়ারে তাঁর বহু স্মরণীয় মুহূর্ত রয়েছে। কিন্তু পদ্মশ্রীর মতো সম্মানে ভূষিত হতে পারাটা তাঁর জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হিসাবেই মনে করছেন রোহিত। সেইসঙ্গে পরিবার তো রয়েছেই, সবসময় যাদের পাশে পেয়েছেন, সকলের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোহিত শর্মা। তাঁর হাত ধরেই টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। সেই হাতেই এবার উঠছে পদ্মশ্রীও।
২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দীর্ঘদিন পর ফের টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। রোহিত শর্মার হাত ধরেই হয়েছে শাপমোচন। সেইসঙ্গে গোটা প্রতিযোগিতায় রোহিত শর্মাও ছিলেন দুরন্ত ফর্মে।
টি টোয়েন্টিতে রোহিতের ব্যাটে এসেছে বিরাট রান। ওডিআই ফর্ম্যাটেও রোহিত শর্মা করেছেন ১১ হাজার রান। সেখানেই এবার রোহিতের হাতে উঠছে পদ্মশ্রী পুরস্কার। আপ্লুত ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।







