বিদেশি চেয়েও পাচ্ছে না ইস্টবেঙ্গল(Eastbengal)। আইএসএলের অন্যান্য দলের যে বিদেশি তাদের পছন্দ হচ্ছে, তাদের সঙ্গে কথাবার্তা এগিয়েও শেষপর্যন্ত খালি হাতেই নাকি ফিরতে হচ্ছে লাল-হলুদ(Eastbengal) ম্যানেজমেন্টকে। কারণ একটাই। অন্যান্য ক্লাবেরা বিদেশি ছাড়তে রাজি, কিন্তু আইএসএলের(ISL) কোনও ক্লাবের জন্য নয়। বিদেশের ক্লাবের সঙ্গে কথা হলে তবেই ছাড়ছে। সে লোন হোক কী পুরোপুরি ছেড়ে দেওয়া। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে প্রতিটি ক্লাবেরই ভাঁড়ারে টান রয়েছে। আর বাইরের ক্লাবে ফুটবলারদের ছাড়লে খানিকটা হলেও তারা লাভবান হবে।
আর তাতেই কিন্তু বেশ সমস্যায় ইস্টবেঙ্গল(Eastbengal)। পেরেরা দিয়াজে ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে তারা। অস্কার(Oscar Bruzon) নাকি চারজন ফুটবলারের নামও দিয়েছিলেন। কিন্তু পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ বিদেশি স্ট্রাইকার নিতে হলে সেই বাইরের দেশের দিকেই এখন তাকাতে হচ্ছে লাল-হলুদকে।
অন্যদিকে আইএসএলের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছে ইস্টবেঙ্গল। কিন্তু দলই খুঁজে পাচ্ছে না। আর তার জন্য নিজেদের পলিসিও যে খানিকটা দায়ী তা বলার অপেক্ষা রাখে না। ইস্টবেঙ্গল প্রস্তুতি ম্যাচ খেলবে, কিন্তু আইএসএলের কোনও দলের বিরুদ্ধে খেলবে না। সেই কারণে পঞ্জাব এফসির থেকে প্রস্তুতি ম্যাচের প্রস্তাব এলেও, তা ফিরিয়ে দিয়েছে লাল-হলুদ ম্যানেজংমেন্ট। কারণ তারা কোনও আইএসএলের দলের সঙ্গে খেলতে চায় না।
আবার আগামী রবিবার তাদের প্রস্তুতি ম্যাচ খেলার একটি পরিকল্পনা হচ্ছিল। কিন্তু সেই ম্যাচ খেলার জন্য আবার দলও খুঁজে পাচ্ছে না। সেই কারণে রবিবারের পরিকল্পনাটাও বাতিলই করে দিতে হয়েছে ইস্টবেঙ্গলকে। শেষপর্যন্ত ইস্টবেঙ্গল প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ খুঁজে পায় কিনা সেটাই দেখার।






