দেশের জার্সিতে নেমেই ফের বিস্ফোরক অভিষেক শর্মা(Abhishek Sharma)। প্রথম ম্যাচেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন অভিষেক শর্মা(Abhishek Sharma)। সেইসঙ্গে ভারতীয় হিসাবে টি টোয়েন্টি ফর্ম্যাটে দ্রুততম অর্ধশতরানের মালিকও তিনি। সেই অভিষেককেই সামনে পেয়ে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকর(Sunil Gavaskar)। তিনি বলেই ফেললেন, অভিষেক অর্ধশতরান করতে যে সময় নিয়েছে, ততগুলো বল নাকি গাভাসকরের রানের খাতা খুলতেই লেগে যেত।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ ৪৮ রানে জিতেছে ভারত। সেখানেই দুরন্ত ফর্মে ছিলেন অভিষেক শর্মা। কার্যত ভারতের এই জয়ের পিছনে যে অভিষেক শর্মার অবদান অনস্বীকার্য তা বলার অপেক্ষা রাখে না। তাঁর ৩৫ বলে ৮৪ রানের ইনিংস জুড়ে শুধুই চার ও ছয়ের বন্যা। সেই অভিষেকের প্রশংসাতেই এখন গাভাসকর।
অভিষেক শর্মার সামনেই তিনি বলেন, “আমি রানের খাতা খুলতে যতগুলো বল সময় নিতাম, অভিষেক শর্মা এদিন অর্ধশতরান করলেন সেই বল খেলে। পার্থক্যটা সত্যিই অনেক”।
এদিন অভিষেক শর্মাও নিজের পারফরম্যান্স নিয়ে বেশ খুশি। তাঁরও সাফ জবাব, সিরিজ শুরুর আগে থেকেই নাকি মানসিক ভাবে নিজেকে প্রস্তুত করে রেখেছিলেন তিনি। শুরু থেকেই যে আক্রমণাত্মক ক্রিকেটটা খেলতে হবে সেটাও নাকি আগে থেকেই একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। হলও শেষপর্যন্ত সেটাই।







