টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) দলে সুযোগ হয়নি তাঁর। অবশেষে সেই বিষয় নিয়েই নীরবতা ভাঙলেন ভারতের ওডিআই দলের অধিনায়ক শুভমন গিল(Shubman Gill)। আর সেখানেই খানিকটা উদাসীনতার সঙ্গেই উত্তর দিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়াটা কার্যত ভাগ্যের ওপরই ছেড়ে দিলেন তিনি। খানিকটা দার্শনিক ভাবেই যেন উত্তর দিলেন ভারতীয় ওডিআই দলের অধিনায়ক(Shubman Gill)।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে নামার আগে সাংবাদিক সম্মেলনে শুভমন গিল জানান, “আমি একটা জিনিস খুব বিশ্বাস করি যে আমার যেখানে থাকার কতা সেখানেই থাকব। ভাগ্যে যা লেখা রয়েছে সেটাই হবে। একজন ক্রিকেটার হিসাবে দলের সঙ্গে প্রতিটা ম্যাচই আমি জিততে চাই। সেইসঙ্গে নির্বাচকদের সিদ্ধান্তকেও আমি অত্যন্ত সম্মান জানাই। টি টোয়েন্টি বিশ্বকাপের দলকে আমার তরফ থেকে শুভ কামনা। আর আমি চাই তারা যেন বিশ্বকাপ জিতেই ফেরে”।
শেষবারের এশিয়া কাপের আগেই হঠাৎ করে শুভমন গিলকে(Shubman Gill) সঞ্জু স্যামসনের পরিবর্তে টি টোয়েন্টি দলে সুযোগ করে দেওয়া হয়। সেই সময় থেকে আবার সহ অধিনায়কের দায়িত্বও দেওয়া হয় শুভমন গিলকে। অভিষেক শর্মার(Abhishek Sharma) সঙ্গেই সেই সময় থেকে জুটি বাঁধেন শুভমন গিল(Shubman Gill)। কিন্তু একের পর এক ম্যাচে শুধুই ব্যর্থ হতে দেখা যায় ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে।
এরপরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি ম্যাচের আগে বাসেই নাকি শুভমন গিলকে টি টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ দেওয়ার কথা জানানো হয়। সেই ম্যাচেই দেখা গিয়েছিল ওপেনিংয়ে অভিষেকের সঙ্গে ফের সঞ্জু স্যামসনকে। সেই সময়ই চিত্রটা পরিস্কার হয়ে গিয়েছিল।
এরপরই ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) ১৫ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েন শুভমন গিল। পরবর্তীতে ফের তিনি নিজেকে এই ফর্ম্যাটে প্রমান করতে পারেন কিনা সেটাই দেখার।







