ব্যাটিংয়ে সেভাবে প্রথম ইনিংসে বড় রান করতে না পারলেও, বল হাতে দুর্ধর্ষ ফর্মে শাহবাজ আহমেদ(Shahbaz Ahmed)। স্পিনিং ট্র্যাক বলে দলে চার স্পিনার নেওয়া হয়েছিল। কেন তেমনটা হয়েছিল সেটাই বুঝিয়ে দিলেন শাহবাজ আহমেদ(Shahbaz Ahmed)। তিনি একাই এদিন তুলে নিলেন পাঁচ উইকেট। একইসঙ্গে পাঁচ উইকেট তুলে নিলেন আকাশদীপও। ইতিমধ্যেই বড়া রানের পথে লিড নিতে চলেছে বাংলা। তৃতীয় দিন অভিমন্যুর(Abhimanyu Easwaran) ব্যাট থেকে বড় রানের প্রত্যাশাতেই সকলে। দ্বিতীয় দিনের শেষে বাংলার রান ৩ উইকেটে ১৫৫, লিড ২৪৮ রানের।
ম্যাচের দ্বিতীয় দিন ৮৬ রানে সুদীপ চট্টোপাধ্যায়(Sudip Chatterjee) সাজঘরে ফেরার কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায় বাংলার ইনিংস। মাত্র ১৯৩ রানে থামে বঙ্গ ব্রিগেড। ঘরের মাঠে অনেকটাই সহজ লক্ষ্য পেয়েছিল হরিয়ানা। কিন্তু সেখানেই বাংলার ত্রাতা হয়ে উঠে এসেছিলেন শাহবাজ আহমেদ। শুরু থেকেই প্রতিপক্ষ ব্যাটারদের ওপর দাপট দেখাতে শুরু করেন তিনি। সেইসঙ্গে যোগ্য সঙ্গত আকাশদীপেরও।
বাংলার এই তারকা স্পিনার শাহবাজ ১১.১ ওভার বোলিং করে একাই তুলে নেন পাঁচ উইকেট। সেইসঙ্গে রান দেন মাত্র ৪২। আর তাতেই কার্যত ঘায়েল হরিয়ানা। মাত্র ১০০ রানেই শেষ হয়ে যায় প্রতিপক্ষ শিবির।
দ্বিতীয় দিনই ব্যাট হাতে নেমে পড়ে বঙ্গ ব্রিগেড। প্রথম ইনিংসে না পারলেও এই ইনিংসে বেশ দারুন ছন্দেই রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। বাংলা সূত্রে খবর শনিবার প্রথম কয়েক ঘন্টাই নাকি বাংলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে কুয়াশার প্রভাব যাতে না থাকে সেই কথাও ভাবছে তারা। এখনও পর্যন্ত এগিয়ে বাংলা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।







