সিএএ(CAA) এবং এসআইআর (SIR) নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। এই তরজায় স্বাভাবিক ভাবেই দ্বিধায় সাধারণ মানুষ। এসআইআর নিয়ে সাধারণ মানুষের মনে ইতিমধ্যেই আতঙ্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সিএএ এবং এসআইআর নিয়ে উত্তর ২৪ পরগনা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ’।
ঠাকুরবাড়ি সূত্রে জানা গিয়েছে, এদিন মূলত বিভিন্ন জেলা এবং ব্লকের সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির শুরু করা হয়েছে। যেখানে তাদের শেখানো হবে কিভাবে সিএএ-তে ফর্ম ফিলাপ করতে হবে। সেখানে কী কী ধরনের কাগজপত্র তথ্যপ্রমাণ হিসাবে দাখিল করতে হবে এবং কেনই বা সিএএ-তে আবেদন করতে হবে। পাশাপাশি এসআইআর নিয়েও চালু করা হয়েছে প্রশিক্ষণ শিবির।
এই শিবির সম্পর্কে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ’-এর সংঘাধিপতি শান্তনু ঠাকুর বলেন, “এখান থেকে যাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আগামীতে তারা নিজের এলাকায় সিএএ-এর জন্য ক্যাম্প করবে। সিএএ এবং এসআইআর নিয়ে মতুয়াদের মধ্যে যাতে কোনও আতঙ্ক তৈরি না হয় এবং অযথা তারা যাতে দ্বিধার মধ্যে না পড়েন সে কারণেই এই ক্যাম্পের আয়োজন। আশাকরি এই ক্যাম্পের ফলে তাদের মনের সব সংশয় কেটে যাবে।
এই ক্যাম্পের পাশাপাশি এদিন এমপিএস-টু(MPS-2) রোগে আক্রান্ত আরুষ বণিকের পরিবারের হাতে ১০ লক্ষ টাকা তুলে দিলেন মতুয়া মাতৃসেনা। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর শিমুলপুরের দুই বছর বয়সী আরুষ বণিক MPS-2 রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৪৩ লক্ষ টাকা। বিভিন্ন জায়গা থেকে অনুদান তুলে সেই টাকা যোগাড় করছে তার পরিবার। ঠাকুর বাড়িতেও সাহাযের জন্য আবেদন করেছিল আরুষের পরিবার। সেই আবেদনে সাড়া দিয়ে এদিন আরুষের পরিবারের হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দেন মতুয়া মাতৃসেনার সভানেত্রী সোমা ঠাকুর।







