কলকাতায় আইপ্যাকের সল্টলেক দপ্তর এবং প্রতিষ্ঠানটির কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে কয়লা পাচার মামলার তদন্তে বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি(ED) অভিযান চালায়। এর ফলে সারা শহরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়।
ইডি-এর অভিযান শুরু হওয়ার পরপরই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) প্রতীকের বাড়িতে পৌঁছান এবং কিছু নথি নিয়ে বেরিয়ে যান। পরে, তিনি আইপ্যাকের(I Pac) দপ্তরেও যান এবং সেখান থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে বেরিয়ে আসেন। মমতার দাবি, ওই নথিগুলি তাঁর দলের দলীয় নথি, এবং তিনি সেগুলি নিয়ে যাচ্ছেন। তবে ইডি(ED) এই ঘটনাকে তদন্তে বাধা দেওয়ার শামিল হিসেবে দেখছে এবং তারা আদালতের দ্বারস্থ হয়েছে।
এ ঘটনায় কলকাতা হাই কোর্টে ইডি মামলা দায়ের করেছে। বিচারপতি শুভ্রা ঘোষের কাছে তারা মামলা দায়েরের অনুমতি পেয়েছে এবং শুক্রবার শুনানির সম্ভাবনা রয়েছে।
দিল্লির ইডি(ED) দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২০ সালে দায়ের হওয়া কয়লা পাচার মামলার তদন্তের অংশ হিসেবে পশ্চিমবঙ্গের ছয়টি স্থানে অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই এবং কোনো রাজনৈতিক কার্যালয়ে অভিযান করা হয়নি।







