না এবার বৃষ্টিহীন ২১। ধর্মতলার শহীদ দিবস বৃষ্টিহীন! না এমন ছবি খুব একটা চোখে পড়েছে বলে মনে পড়ে না। তবে এবার ব্যতিক্রমী ২১ দেখল গোটা বাংলা। মঞ্চের সামনে ছাতা মাথায় সারি সারি মানুষের ভিড়। প্রতি বছর একুশের এটাই পরিচিত ছবি। তবে এবার? না। বৃষ্টি হল না একফোঁটাও। এই দিনে আকাশ জুড়ে ঝমঝম করে বৃষ্টি, তৃণমূল নেত্রীর কাছে যা ‘গুড লাক সাইন’। তবে এই ২১শে সেই পরিচিত বৃষ্টি না হওয়ার কারণ অবশ্য ব্যাখ্যা করলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি বলেন, “এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো? এবার নতুন খেলা শুরু হয়েছে। চোখ দিয়ে জল নয়, এবার আগুন বেরোবে।”
লক্ষ্য বিধানসভা নির্বাচন। আগামী বছরেই ফের ভোটাভুটি। একুশের মঞ্চ থেকে যেন ভোটের বাদ্যি বাজিয়ে দিলেন তৃণমূল নেত্রী। দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, “এবার খেলায় বোল্ড আউট করতে হবে। একেবারে ছক্কা মারতে হবে।” সেকথা মেনে ভোট প্রস্তুতি যে সোমবার থেকেই শুরু করে দিতে বললেন তৃণমূল নেত্রী।







