জোড়া বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয় তারকা ড্যামিয়েন মার্টিন(Damien Martyn) কোমায়। আর তাতেই যেন শোকের ছায়া অস্ট্রেলিয়া ক্রিকেট মহলে। মেনেনজাইটিসে(Meningitis) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ড্যামিয়েন মার্টিন(Damien Martyn)। তাঁর দ্রুত আরোগ্য কামনাতেই এখন সকলে। এক সময়ের সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট থেকে প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার সহ বর্তমান ক্রিকেটাররা এখন সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনাই করছেন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।
ডিসেম্বরের ২৬ তারিখই মেনেনজাইটিসে আক্রান্ত হন তিনি। মার্টিনের শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকলে এরপরই তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই কোমায় চলে গিয়েছিল অস্ট্রেলিয়ার একসময়ের তারকা ক্রিকেটার। ড্যামিয়েন মার্টিনের(Damien Martyn) কোমায় চলে যাওয়ার খবর প্রকাশ্যে এনেছেন তাঁরই এক সময়ের সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট। তাঁর এই মুহূর্তে ব্রিসবেনে চিকিৎসা চলছে। তাঁর সুস্থতার কামনায় সকলে।
অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে একসময় তিনি ছিলেন অন্যতম প্রধান ভরসা। ১৯৯৯ এবং ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের অন্যতম প্রধান ভরসা ছিলেন ড্যামিয়েন মার্টিন। বিশেষ করে ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে তাঁর ৮৮ রানের অপরাজিত ইনিংস অস্ট্রেলিয়ার বড় রানের লক্ষ্যে প্রধান ভূমিকা নিয়েছিল। সেইসঙ্গে রিকি পন্টিংয়ের সঙ্গে তাঁর সেই ২৩২ অসাধারণ পার্টনারশিপ। যার সৌজন্যে অস্ট্রেলিয়া বিশ্বকাপের ফাইনালে ৩৫৯ রান করেছিল।
সেই ড্যামিয়েন মার্টিনই এখন কোমায়। কার্যত মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ৬৭টি টেস্ট ম্যাচের পাশাপাশি ২০৮টি ওডিআই ম্যাচও খেলেছেন মার্টিন। ইতিমধ্যেই হাসপাতালে তাঁকে তাঁর সতীর্থরা দেখতে আসছেন। এখন তিনি কতটা দ্রুত সুস্থ হয়ে ওঠেন তারই অপেক্ষায় সকলে।







