প্রথম ম্যাচেই অধিনায়কের বিধ্বংসী ইনিংস। আমেরিকা লড়াই দিলেও শেষপর্যন্ত ওয়াংখেড়েতে জয় দিয়েই যাত্রা শুরু করল ভারত। প্রথম ম্যাচেই আমেরিকাকে ২৯ রানে হারাল টিম ইন্ডিয়া। আর ৮৪ রানের ইনিংস খেলে ম্যাচের সেরার শিরোপাও সূর্যকুমার যাদবের মাথাতেই। ম্যাচ জিতলেও, ভারতীয় দলের বোলিংয়ে জসপ্রীত বুমরার অনুপস্থিতি কিন্তু এদিন বেশ বোঝা গেল। অক্ষর পটেলের এক ওভারে দুই উইকেট না এলে, প্রথম ম্যাচে অঘটনের স্বাক্ষী হতেই পারত ভারতীয় দল।
এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল ভারতীয় দল। কিন্তু অভিষেক, ঈশান থেকে তিলক বর্মারা সকলেই কিন্তু প্রথম ম্যাচে চূড়ান্ত ব্যর্থ।৪৬ রানের মধ্যে চার উইকেট খুইয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেখানেই ভারতের ত্রাতা অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাট হাতে কার্যত একাই ভারতের রান এগিয়ে নিয়ে যান তিনি। সেইসঙ্গে ওয়াংখেড়েতে ফের একবার দেখা মিলল ভারতের মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রীর। একের পর এক বড় শট এবং স্কুপে ফের একবার ওয়াংখেড়ে মাতালেন তিনি। ৪৯ বলে ৮৪ রনের ইনিংস খেলেন তিনি। সেইসঙ্গেই ভারতের রান ৯ উইকেটে ১৬১।
আমেরিকার প্রথম তিনটি উইকেট তাড়াতাড়ি পড়ে গেলেও, মিলিন্দ এবং সঞ্জয়ের পার্টনারশিপটা ক্রমশই বিপদজনক হয়ে উঠছিল ভারতের বিরুদ্ধে। অর্শদীপ থেকে হার্দিকরা বারবারই ব্যর্থ হচ্ছিলেন তাদের সামনে। বরুণ চক্রবর্তীর বলে মিলিন্জ স্টাম্প হতেই যেন ম্যাচের ফেরার সুযোগটা চলে আসে ভারতের সামনে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি আমেরিকা। অক্ষর পটেলের বলে কিছুক্ষণের মধ্যেই সঞ্জয় কৃষ্ণমূর্তিও সাজঘরে ফেরে। সেই সময় থেকেই ম্যাচের হাল পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নেন ভারতীয় বোলাররা। শেষপর্যন্ত ১৩২ রানেই থামতে হয় আমেরিকাকে।
ভারতের হয়ে এদিন ৩ উইকেট নেন মহম্মদ সিরাজ। সেইসঙ্গে জোড়া উইকেট অক্ষর পটেল এবং অর্শদীপ সিংয়ের। বরুণের শিকার একটি উইকেট।






