ইডি(ED) বনাম মমতা(Mamata Banerjee) মামলা আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত স্থগিত করে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। মামলার শুনানি চলাকালীন এজলাসে বেনজির বিশৃঙ্খলার জেরে ১৪ জানুয়ারি পর্যন্ত মামলা মুলতুবি করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। এরপরেই কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দ্বারস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। আলাদা বেঞ্চ গঠন করে দ্রুত শুনানির আবেদন জানানো হয়। যদিও তা খারিজ করে দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ। নির্ধারিত আগামী ১৪ জানুয়ারিই এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানিয়েছে হাই কোর্ট।
বৃহস্পতিবার তৃণমূলের ভোটকৌশলি সংস্থা আইপ্যাকের অফিসে হানা দিয়েছিল ইডি। তাদের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেওহানা দিয়েছিল ইডি। এরপরই দুই জায়গাতেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়েই কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি। সেখান থেকেই মমতা অভিযোগ করে তাদের তথ্য চুরির। পাল্টা অভিযোগ করে আদালতে যায় ইডিও। কিন্তু সেই মামলাই স্থগিত হয়ে গেল শুক্রবার।
শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দুটি মামলারই একসঙ্গে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেই মামলার শুনানি শুরু হতেই এজলাসে বেনজির বিশৃঙ্খলা শুরু হয়। যারা এই মামলার সঙ্গে যুক্ত নন, তাঁরাও এজলাসে ভিড় করে ঢুকে পড়েন। বারবার এজলাস খালি করার কথা বলেন বিচারপতি শুভ্রা ঘোষ। কিন্তু তাতেও কাজ হয়নি। শেষমেশ দুটি মামলায় মুলতুবি করে আগামী ১৪ জানুয়ারি শুনানি হবে বলে জানায় হাই কোর্ট। তাতে অখুশি ইডি।







