গুজরাতের বিরুদ্ধে যে বোলারের কাছে শেষপর্যন্ত আটকে গিয়েছিলেন বিরাট কোহলি(Virat Kohli), তাঁকেই দিলেন এক বিশেষ উপহার। গুজরাতের বোলার বিশাল জয়সওয়ালকে(Vishal Jaiswal) নিজের সই করা ম্যাচ বল উপহার দিলেন বিরাট(Virat Kohli)। গুজরাতের বিরুদ্ধে ৭৭ রানের ইনিংস খেলেই থামতে হয়েছিল ভারতের তারকা ক্রিকেটারকে। ম্যাচ শেষে সেই স্পিনারের হাতে তুলে দিলেন নিজের সই করা বল। আর সেই উপহার পেয়ে আপ্লুত বিশাল। বিরাটকে(Virat Kohli) আউট করার আনন্দ তো রয়েছেই। তারপর আবার ম্যাচ শেষে বিরাটের কাছ থেকে এমন উপহার পাওয়াটা যে তাঁকে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
চলতি বিজয় হাজারে ট্রফিতে(Vijay Hazare Trophy) দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচেই সেঞ্চুরি দিয়ে যাত্রাটা শুরু করছেন। পরের ম্যাচেই গুজরাতের বিরুদ্ধে ৭৭ রানের দুরন্ত ইনিংস। দেশের জার্সির পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও বিরাট কোহলির(Virat Kohli) ব্যাটে রানের ঝলক রয়েছে। আর বিরাটের এই পারফরম্যান্স নিয়েই এখন চলছে জোর চর্চা।
এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে নেমেছিলেন বিরাট কোহলি। সেই সিরিজেই সেরা ক্রিকেটার পুরস্কার পেয়েছিলেন তিনি। হবে নাই বা কেন গোটা সিরিজে সর্বোচ্চ রানও যে বিরাটেরই ঝুলিতে। জোড়া সেঞ্চুরির পাশাপাশি, সিরিজের শেষে ম্যাচে অর্ধশতরানও করেছিলেন তিনি। সেই সব মিলিয়েই বিরাটের হাতে উঠেছিল সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
এরপরই ঘরোয়া ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি। আগামী ২০২৭ সালে রয়েছে ওডিআই বিশ্বকাপ। তারই প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছেন না তিনি। সেই কারণেই তো এতদিন পর ফের ঘরোয়া ক্রিকেটের ওডিআই ফর্ম্যাটে নেমেছেন তিনি। আর বাইশগজে নামার পর থেকেই তাঁর নামের পাশে জুড়ে চলেছে একের পর এক রেকর্ডও।
এবার সামনে রয়েছে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ম্যাচের সিরিজ। সেখানেও বিরাট দাপট অব্যহত থাকে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।







