দর্শকহীন স্টেডিয়ামে খেলবেন বিরাট কোহলি(Virat Kohli)! বিজয় হাজারে ট্রফিতে(Vijay Hazare Trophy) চিন্নাস্বামীতে নামবে দিল্লি। সেখানেই প্রথম দুই ম্যাচে দল্লির হয়ে মাঠে নামবেন বিরাট কোহলি। কিন্তু মাঠে বসে কোনও সমর্থকই হয়ত দেখতে পাবেন না বিরাট কোহলিকে(Virat Kohli)। শোনাযাচ্ছে ক্লোজড ডোর ম্যাচ করারই ভাবনা রয়েছে। কর্ণাটক সরকারের কথাতেই নাকি কার্যত ফাঁকা গ্যালারীতে বিজয় হাজারের ম্যাচ খেলতে হবে বিরাট কোহলিদের।
বিরাট কোহলি, সেইসঙ্গে আবার রয়েছেন ঋষভ পন্থ(Rishabh Pant)। এই সময়টা আবার ছুটির মরসুম। ২৪ ডিসেম্বর থেকে শুরু বিজয় হাজারে। পরের দিন ২৫ ডিসেম্বর আবার ছুটি। এমন দুজন হেভিওয়েট তারকা মাঠে থাকা মানে যে সমর্থকদের ভিড় থাকবে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে উৎসবের সময়। সেখানেই নিরাপত্তার কথা মাথায় রেখেই এবার ক্লোজড ডোর ম্যাচ করার ভাবনা। সেই কথা নাকি ইতিমধ্যে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনকে(KSCA) জানিয়েও দিয়েছে কর্ণাটক সরকার।
দীর্ঘদিন পর ফের ঘরোয়া ক্রিকেটের ওডিআই ম্যাচের আসরে নামছেন বিরাট কোহলি(Virat Kohli)। কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন তিনি। বিরাটকে নিয়ে এই মুহূর্তে যে উত্তেজনার পারদ তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। তাঁকে দেখতেও যে ভিড় উপচে পড়তে পারে সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়ার মতো নয়। এই সমস্ত কিছু ভেবেই দর্শকশূন্য গ্যালারীতে ম্যাচ করার ভাবনা।
যদিও কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন এই ম্যাচের জন্য দুটো স্ট্যান্ড খোলার পরিকল্পনা করেছিল। দুই থেকে তিন হাজার মানুষ যাত খেলা দেখতে পারেন সেরকম একটা ভাবনা ছিল। কিন্তু সরকারের নির্দেশে কার্যত সেটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বিজয় হাজারেতে এবার বিরাট কোহলিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে।
সামনেই রয়েছে ওডিআই বিশ্বকাপ। এই প্রতিযোগিতা গুলো যে বিরাটের কাছে নিজেকে প্রস্তুত করার অন্যতম প্রধান বিষয় তা বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র বিরাট কোহলি নয়, সেইসঙ্গে খেলবেন ঋষভ পন্থও। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।







