হাঁটুর চোটের কাছে শেষপর্যন্ত হার মেনেই নিলেন সাইনা নেহওয়াল(Saina Nehwal)। ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে অবসর ঘোষণা ভারতের প্রথম অলিম্পিক মেডালিস্ট ব্যাডমিন্টন তারকার। তাঁর হাঁটুর যে পরিস্থিতি হয়েছে, আর ব্যাডমিন্টন র্য্যাকেট হাতে লড়াই করা সম্ভব নয়। শেষ দুবছর কোর্টেও নামেননি তিনি। অবশেষে নিজের লম্বা কেরিয়ারে ইতি টানলেন হায়দরাবাদী তারকা শাটলার(Saina Nehwal)। মঙ্গলবারই অবসরের ঘোষণা করে দিলেন তিনি।
২০২৩ সালে শেষবার সিঙ্গাপুর ওপেনে দেখা গিয়েছিল সাইনাকে(Saina Nehwal)। এরপর থেকে আর ব্যাডমিন্টন কোর্টে দেখা যায়নি ভারতের প্রথম পদকজয়ী তারকা শাটলারকে। একের পর এক চোট আঘাতেই কার্যত তিনি জেরবার।
সাইনার(Saina Nehwal) হাত ধরেই প্রথমবার ব্যাডমিন্টনে অলিম্পিকে পদক জিতেছিল ভারত। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। এর ঠিক তিন বঠর পরই প্রথমবার হাঁটুতে সমস্যার দেখা দেয়। চোট পান তিনি। যদিও সেই সমস্যা কাটিয়ে ২০১৭ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন। ২০১৮ কমনওয়েলথে জেতেন সোনা।
কিন্তু এরপর থেকেই হাঁটুর সমস্যাটা ক্রমশই বাড়তে থাকে। বারবারই সেই সমস্যার জন্য নানান প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে বাধ্য হচ্ছিলেন সাইনা নেহওয়াল। এরপরও ২০২৩ সালে শেষবার তাঁকে কোর্টে দেখা গিয়েছিল। কিন্তু সাফল্য পাননি। এরপরই তাঁর চিকিৎসার সময় তিনি জানতে পারেন যে কার্টিলেজের অবস্থা খুবই খারাপ।
সেইসঙ্গে তাঁর আর্থারাইটিজও রয়েছে। এরপরই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন। সকলের সঙ্গে আলোচনার পর ঘোষণাটাও করে দিলেন সাইনা নেহওয়াল। তিনি জানিয়েছেন, “শেষ দুই বছরেই আমি ব্যাডমিন্টন খেলাটা বন্ধ করে দিয়েছি। আমি একটা জিনিস জানতাম খেলাটা যেমন নিজের শর্তে শুরু করেছি, তেমন শেষও করব নিজের শর্তে। তাই আলাদা করে ঘোষণার কোনও প্রয়োজন ছিল না। যদি খেলার মতো আর পরিস্থিতিতে না থাকো, তবে সেখানেই থেমে যাও”।







