আইএসএলে(ISL) লাল-হলুদ জার্সিতে গোল করতে চান ইউসুফ(Yussef Ezzejjari)। শুক্রবার তাঁকে সই করানোর খবর সরকারীভাবে ঘোষণা করেছে ইস্টবেঙ্গল(Eastbengal)। এই দিনই আবার শহরে পৌঁছচ্ছেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ইউসুফ এজেজ্জারি(Yussef Ezzejjari)। তার আগেই লাল-হলুদ ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন এই স্প্যানিশ স্ট্রাইকার। প্রতি ম্যাচ গোল করেই দলকে সামনের দিকে এগিয়ে দেওয়াই ইউসুফের এবার প্রধান লক্ষ্য। ইস্টবেঙ্গলের একমাত্র বিদেশি স্ট্রাইকার হিসাবে খেলবেন তিনি। সবকিছু ঠিকঠাক চললে আগামী ৮ ফেব্রুয়ারি মহমেডান এসসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচও খেলতে পারেন ইউসুফ এজেজ্জারি। এখন শুধুই তাঁর লাল-হলুদ জার্সি গায়ে তোলার অপেক্ষা।
ইউসুফ শহরে আসার আগেই জানিয়েছেন, “ইস্টবেঙ্গলের লেগাসি, সমর্থকদের কথা শুনেই এখানে খেলার সিদ্ধান্ত নিয়েছি। আইএসএলে ইস্টবেঙ্গলে নিজের নামের পাশে গোল দেখতে চাই। দলকে সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত আমি”।
বেশ কয়েকদিন আগে সই হয়ে গেলেও, ইউসুফের আসা নিয়ে কিন্তু একটা জল্পনা রয়েই গিয়েছিল। বিশেষ করে তাঁর ভিসা দেরী হওয়া নিয়ে ক্রমশই উৎকন্ঠা বাড়তে শুরু করেছিল। অবশেষে গত বৃহস্পতিবারই ভারতে আসার ভিসা পেয়ে গিয়েছেন ইউসুফ। এই শুক্রবারই কলকাতায় পা রাখবেন তিনি।







