বাংলা ও বাঙালি আবেগকে যে ২৬শে বিধানসভায় পাখির চোখ করতে চাইছে তৃণমূল কংগ্রেস, তা একপ্রকার স্পষ্ট। বিজেপি শাসিত ভিনরাজ্যে বাঙালি নির্যাতনের প্রতিবাদে ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী ২১শের মঞ্চ থেকেও বাঙালি অস্মিতায় বিজেপির বিরুদ্ধে সরব হয়ে জেলায় জেলায় ভাষা আন্দোলনের ডাক দেন তিনি। ওই মঞ্চ থেকেই বিজেপি নেতাদের দিয়ে ‘জয় বাংলা’ বলানোর চ্যালেঞ্জ ছুড়ে দেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
এবার শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকাল উদ্বোধনে এসে রবিবার দমদম স্টেশনে তৃণমূল কর্মী-সমর্থকদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এ দিন, শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকাল ট্রেনের উদ্বোধন করেন বিজেপির প্রাক্তন রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও। এসি লোকালটি শিয়ালদহ থেকে তাঁদের নিয়ে দমদমে আসে। সেসময় হঠাৎ করে INTTUC-র একদল সদস্য স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁরা বলতে থাকেন বিজেপি বাংলা বিরোধী। ওঠে ‘জয় বাংলা’ শ্লোগানও। এরপরই দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি। রীতিমত তুলকালাম পরিস্থিতি। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা স্টেশন চত্বরে।
এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ বিজেপি নেতা সুকান্ত মজুমদার। এই ঘটনার প্রতিক্রিয়ায় তিনি জানান, “রেলমন্ত্রীকে পুরো বিষয়টাই জানাব। যা যা ঘটেছে তার ভিডিও করতে বলেছি। ভাল করে ভিডিও করে আরপিএফ-কে দিয়ে রেলমন্ত্রীকে পাঠাব। এরা সকলে তৃণমূলের পতাকা নিয়ে এসেছিল। INTTUC-র লোক নাকি কে জানে, কিন্তু সবাই শ্রমিক সেজে এসেছিল। পরিকল্পিত ভাবেই এটা ঘটানো হয়েছে।”







