সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) মঞ্চে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী(INDvPAK)। আর সেই খবর প্রকাশ্যে আসতেই পাকিস্তানকে খানিকটা সাবধানও করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। তাঁর সাফ বক্তব্য, ভারতকে হারাতে হলে পাকিস্তানকে ভারতের থেকে অনেক বেশি ভালো খেলতে হবে। সাম্প্রতিক অতীতের উদাহরণ দিয়েও সৌরভ(Sourav Ganguly) উপমা দিয়েছেন। তাঁর মতে পাকিস্তান অতীতে একেবারেই ভারতের বিরুদ্ধে সেভাবে দাঁড়াতে পারেনি। এই বিশ্বকাপে ভারত অন্যতম শক্তিশালী দল। তাই তাদেরকে হারানোর স্বপ্ন দেখলে, সেভাবেই তৈরি হতে হবে পাকিস্তানকে। সেইসঙ্গে জটিলতা কাটিয়ে এই ম্যাচ হওয়া নিয়েও খুশি সৌরভ।
বাংলাদেশকে আইসিসি(ICC) সরিয়ে দেওয়ার পর থেকেই পাকিস্তানের ভারতের বিরুদ্ধে খেলা ঘিরে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছিল। কার্যত বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। অবশেষে আইসিসির সঙ্গে বৈঠকের পরই সমস্ত জট কেটে গিয়েছে। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এও নাকি জানানো হয়েছে যে বাংলাদেশের অনুরোধেই নাকি তাদের পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান। যদিও শেষপর্যন্ত কলম্বোতে খেলতে নামবে তারা। এরপরই পাকিস্তানের বিরুদ্ধে সতর্কবানী সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly)।
তিনি জানান, “অতীতে কয়েক বছরে সেভাবে ভারতের বিরুদ্ধে শক্তিশালী পারফরম্যান্স দেখাতে পারেনি পাকিস্তান। আশা করছি পাকিস্তান হয়ত ভালো খেলবে। কারণ ভারতের বিরুদ্ধে ভালো খেলা ছাড়া উপায় নেই। ভারত অত্যন্ত শক্তিশালী দল”।
আইসিসির সূচী অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে কলম্বোতে নামবে পাকিস্তান। বিশ্বকাপের পরিসংখ্যান এখনও পর্যন্ত ভারতের পক্ষেই রয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।






