ছেলেরা বারবার ব্যর্থ হলেও, ইস্টবেঙ্গলের(Eastbengal) মেয়েদের সোনালী দৌড় অব্যহত। এবার সাফ ক্লাব ওমেন্স চ্যাম্পিয়নশিপও(Saff Club Womens Championship) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ফাইনালে নেপালের এপিএফ ক্লাবকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে চ্যাম্পিয়নশিপের মুকুট মাথায় তুলল লাল-হলুদের(Eastbengal) মহিলা বাহিনী। ম্যাচের ফলাফল ৩-০। ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল ফাজিলা ইকবাপুটের। আরেকটি গোল করেন সিক্লী দেবী। অপরাজিত থেকেই সাফ ক্লাব ওমেন্স চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল।
এএফসির পর এই সাফ ক্লাব ওমেন্স চ্যাম্পিয়নশিপে নেমেছিলেন লাল-হলুদের মহিলা ব্রিগেড। নেপালের মাঠে শুরু থেকেই দাপুটে ফর্মে ছিল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচ থেকেই তারা ছিল অপ্রতিরোধ্য। সেটা অবশ্য ফাজিলা(Fazila Ikbapute), সিক্লিদের পারফরম্যান্স গ্রাফের দিকেই তাকালে স্পষ্ট। গোটা প্রতিযোগিতায় যেমন একটিও ম্যাচে তারা হারেনি। তেমন একটিও ম্যাচে গোলও খায়নি ইস্টবেঙ্গলের(Eastbengal) মহিলা ফুটবল দল।
টানা পাঁচ ম্যাচ অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেইসঙ্গে প্রতিপক্ষের শিবিরের জালে বল জড়িয়েছে মোট ১৬ বার। এদিন এপিএফের বিরুদ্ধেও ইস্টবেঙ্গলের মহিলা দল ছিল আক্রমণাত্মক মেজাজে। কার্যত তদের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেন নেপালের এই ক্লাবটি। এদিন জোড়া গোল করে ইস্টবেঙ্গলের হয়ে এই প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতার জায়গাটাও আরও মজবুত করে ফেললেন ফাজিলা।
গোটা প্রতিযোগিতায় একাই ৯ গোল করছেন ফাজিলা। গ্রুপপর্ব থেকেই এবার ইস্টবেঙ্গল অপরাজিত। গ্রুপে তিনটি জয় এবং একটি ড্র। ফাইনালে প্রতিপক্ষের জালে তিনবার বল জড়িয়েছে ইস্টবেঙ্গল মহিলা দল। চ্যাম্পিয়ন দলের এবার শুধুই ঘরে ফেরার অপেক্ষায় সকলে।







