নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্সের পরই পাকিস্তানের বিরুদ্ধে হুঙ্কার প্রাক্তন ভারতীয় বিশ্বকাপ জয়ী তারকা শ্রীকান্থ(Krishnamachariya Srikanth)। বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের দাবী সমর্থণ করে পাকিস্তানও এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছিল। সেই কথা তুলেই পাকিস্তানকে খোঁচা দিলেন কৃষ্ণামাচারিয়া শ্রীকান্থ। তাঁর সাফ জবাব ভারত পাকিস্তানকে দুর্মুশ করে দেবে, সেই জন্যই তাদের বিশ্বকাপে খেলতে না আসাই উচিত্।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিন ম্যাচেই ভারতের দাপুটে পারফরম্যান্স। শেষ ম্যাচে তো কিউইদের বোলিং লাইনআপ নিয়ে কার্যত ছেলেখেলা করল ভারতীয় দলের ব্যাটাররা। নিউ জিল্যান্ডের ১৫৪ রান মাত্র ১০ ওভারেই তুলে দিয়েছিল ভারতীয় দলয। সেই দেখার পর থেকেই উচ্ছ্বসিত সকলে। প্রাক্তন ভারতীয় তারকার মতে এমনভাবেই এবার ভারত পাকিস্তানকেও বিধ্বস্ত করবে।
শ্রীকান্থ জানিয়েছেন, পাকিস্তান তোমরা সত্যিই এবার এসো না। তোমাদের মহসিন নাকভি তো অবশ্য না আসার কথাই বলছে বারবার। তোমাদের একেবারে বিধ্বস্ত করে দেব আমরা। একটা ছয় কলম্বোয় হাঁকানো হবে, সেটা পড়বে এসে মাদ্রাজে। সেই কারণেই তোমাদের কাছে সেরা অপশন এই খেলা থেকে এবার দূরে থাকা।
শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৪ বলে অর্ধশতরান করে নতুন রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা। সেইসঙ্গে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন খোদ সূর্যকুমার যাদব। সামনের বিশ্বকাপে ভারত এমন ফর্ম ধরে রাখলে যে প্রতিপক্ষ সমস্যায় পড়তেই পারে তা বলার অপেক্ষা রাখে না।







