অবিশ্বাস্য ভাবে অস্ট্রেলিয়ান ওপেনের(Australian Open) সেমিফাইনালে পৌঁছলেন নোভাক জকোভিচ(Novak Djokovic)। পরপর দুই সেটে হার। তৃতীয় সেটেও পিছিয়ে ছিলেন। কোয়ার্টার ফাইনালেই হয়ত মরসুমের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের আশা শেষ হয়ে যেত জোকারের। কিন্তু সেখানেই তাঁকে বাঁচাল ভাগ্য। হঠাৎই চোট পান জকোভিচের প্রতিপক্ষে থাকা লরেঞ্জ মুসেত্তি(Lorenzo Musetti)। আর সেই চোটই শেষপর্যন্ত ওয়াকওভার দিতে বাধ্য হন ইতালির এই তরুণ খেলোয়াড়। এতেই কোনওরকমে সেমিফাইনালে জায়গা পাকা করে ফেললেন জকোভিচ(Novak Djokovic)।
ম্যাচ শেষে জোকার(Novak Djokovic) নিজেও খানিকটা হতবাক। তিনি তো বলেই ফেললেন, এই ম্যাচটাই নাকি অস্ট্রেলিয়ান ওপেনে(Australian Open) নিজের শেষ ম্যাচ ধরেও নিয়েছিলেন। যদিও শেষপর্যন্ত ভাগ্য দেবতার সৌজন্যে পৌঁছে গেলেন মরসুমের প্রথম গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে। এমন ভাগ্যের জোরেই জোকার কেরিয়ারের ২৫ তম গ্র্যান্ডস্লামটাও এবার জিতে নেন কিনা সেটা তো সময়ই বলবে।
এদিন শুরুর দিকে কিন্তু বেশ আক্রমণাত্মক ছিলেন জকোভিচ(Novak Djokovic)। প্রথম সেটে ২-০-এগিয়েও গিয়েছিলেন শুরুর দিকে। কিন্তু ম্যাচের বয়স ২০ মিনিট পেড়োতেই ধীরে ধীরে রাশ নিজের দখলে নিতে থাকেন লরেঞ্জ মুসেত্তি। প্রথম সেটে ৪-৬ এবং দ্বিতীয় সেটেও ৩-৬ গেমে হারেন নোভাক জকোভিচ। তৃতীয় সেটেও পিছিয়ে পড়েন পুরুষদের বিভাগে সর্বোচ্চ গ্র্যান্ডস্লামের মালিক।
সেই সময়ই পায়ের চোটে হঠাৎই বিরতি নেন মুসেত্তি। শুরু সেখানেই চিকিৎসা। সময় এগোতে থাকলেও, মুসেত্তি কিন্তু কোর্টে ফিরতে পারেননি। এরপরই শেষপর্যন্ত ওয়াকওভার দিয়ে দেন তিনি। ম্যাচ শেষে জোকারও নিজেকে আর থামিয়ে রাখতে পারেন না। তিনি বলেই ফেলেন, “আমি তো ভেবেই ফেলেছিলাম আজ রাতেই এখান থেকে ব্যাগ প্যাক করে বেড়িয়ে যেতে হবে”।







