বোর্ডের(BCCI) নির্দেশে মুস্তাফিজুর রহমানকে(Mustafizur Rahaman) দলে নিয়েও ছেড়ে দিতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সের(KKR)। আর এই সিদ্ধান্ত নিয়েই এখন বিতর্কের ঝড় বইছে বাংলাদেশে(Bangladesh)। মুস্তাফিজুরকে বাদ দেওয়ার পরই আইপিএল(IPL) নিয়ে বড়সড় সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের। আইপিএল(IPL) সংক্রান্ত কোনওরকম সম্প্রচার সহ বিজ্ঞাপন থেকে প্রচার কোনওকিছুই এবার হবে না বাংলাদেশে। আর তাতেই এখন ক্রিকেট মহল জুড়ে হৈচৈ শুরু হয়েছে।
এবারের আইপিএলের(IPL) আগে নিলাম থেকে ৯ কোটি টাক দিয়ে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এরপরই ভারতীয় সমর্থকরা সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু করেছিল বিতর্কের ঝড়। কার্যত কেকেআরকে বয়কটের ডাক দিয়েছিল সকলে। বিশেষ করে সম্প্রতি বাংলাদেশে যে অবস্থা এবং তাদের সঙ্গে সম্পর্ক যেখানে গিয়েছে, সেই কথা উল্লেখ করেই মুস্তাফিজুরকে বাদ দেওয়ার দাবী তুলেছিলেন ভারতীয় সমর্থকরা। এরপরই কেকেআরকে বোর্ডের নির্দেশিকা।
সেখানেই মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার বার্তা দেওয়া হয়েছিল বোর্ডের তরফে। এরপরই মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়। সেখানে নিরাপত্তার কথাই বলা হয়েছিল। সেই সিদ্ধান্তই মেনে নিতে পারেনি বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এরপর থেকেই ভারতের বিরুদ্ধে কার্যত তেলে বেগুনে জ্বলছে বংলাদেশ ক্রিকেট সমর্থকরা। ইতিমধ্যেই ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছে। এবার সেইসঙ্গে বাংলাদেশে আইপিএলের ওপরও নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ সরকার। আইপিএল সংক্রান্ত কোনওরকম সম্প্রচারই সেখানে দেখা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের তরফে। তাও আবার অনির্দিষ্টকালের জন্য। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।







